মুম্বইয়ে ডোকাদিয়া পরিবারের চার সদস্যের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। গত সপ্তাহে তাদের মৃত্যু হয়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করেছিল, আগের রাতে নৈশভোজে তরমুজ খেয়ে ‘ফুড পয়জনিং’ হয়েছিল ডোকাদিয়া পরিবারের। তার জেরে পরিবারের চার-চারজনের মৃত্যু হয়েছে। তবে এ বার পুলিশের সন্দেহের তির বিষ প্রয়োগের দিকে।
NDTV-র প্রতিবেদনে অনুযায়ী, প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় মৃতদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সবুজ হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। চিকিৎসকরা স্পষ্ট ভাবে জানিয়েছেন, সাধারণ ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে শরীরের ভিতরের অঙ্গ এই ভাবে সবুজ হয়ে যায় না। এটি শরীরে কোনও মারাত্মক রাসায়নিক বা বিষ প্রবেশের ইঙ্গিত।
৪৫ বছরের স্থানীয় ব্যবসায়ী আবদুল্লা ডোকাদিয়া, তাঁর স্ত্রী নাসরিন (৩৫) এবং দুই মেয়ে জয়নাব (১৩) ও আয়েশা (১৬) শনিবার রাতে বাড়িতে মাটন বিরিয়ানি খেয়েছিলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন আত্মীয়স্বজন ছিলেন। তাঁরাও সেই বিরিয়ানি খান। ওই আত্মীয়রা চলে যাওয়ার পরে রাত ১টা নাগাদ তাঁরা একটি তরমুজ খান। ভোর ৫টার মধ্যেই সকলের বমি ও ডায়েরিয়া শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যে চারজনেরই মৃত্যু ঘটেছিল।