মহান মে দিবস। পয়লা মে এই নামেই পরিচিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। রক্তঝরা সংগ্রামের পথ পেরিয়ে এই দিনটি সারা বিশ্বের শ্রমিকদের কাছে এক গৌরবময় দিন। বিশ্বের বহু দেশেই এই দিন জাতীয় ছুটি। ১৮৮৬ সালের মে মাসে শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক আন্দোলন ও আত্মাহুতির ঘটনাকে এই দিনটিতে যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হয়ে থাকে। শ্রমিকেরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ১৮৮৬ সালের এই দিনে। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভ হয়েছিল। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন শ্রমিক। হে মার্কেটের শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার। শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আন্দোলনের উৎস যে দেশ, যেখান থেকে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই শুরু হয়েছিল সে দেশটিতে পয়লা মে শ্রমিক দিবস পালন হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ হিসেবে পালিত হয়। ১৯২৩ সালের পয়লা মে চেন্নাইয়ে ‘মহান মে দিবস’ পালন করেন মালায়প্পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার। ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত্ হিসেবেই পরিচিত তিনি। শোনা যায় হাতের কাছে লাল ঝান্ডা না থাকায় মেয়ের লাল শাড়ি ছিঁড়ে তাই দিয়ে পতাকা তৈরি করেছিলেন। সেটাই নাকি প্রথম কমিউনিজমের লাল ঝান্ডা উত্তোলিত হয় ভারতের মাটিতে।