• রাজ্যে সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করে তদন্তের নির্দেশ কেন্দ্রের
    বর্তমান | ০২ মে ২০২৬
  • কৌশিক ঘোষ, কলকাতা: কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যে সন্দেহজনক প্রায় ৬ কোটি রেশন কার্ড চিহ্নিত করে সেগুলি সম্পর্কে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সব রাজ্যকে। কার্ডগুলি বেআইনিভাবে গ্রাহকের কাছে থাকলে তা বাতিল করে জানাতে হবে রাজ্যগুলিকে। এই তালিকায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তুলনায় বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এরকম রেশন কার্ড অনেক বেশি। পশ্চিমবঙ্গে  ১৭ লক্ষ ২৯ হাজার কার্ড চিহ্নিত করা হয়েছে। সেখানে গুজরাতের মতো পশ্চিমবঙ্গের তুলনায় কম জনসংখ্যা ও রেশন কার্ড থাকা রাজ্যে এই সংখ্যা ৫৫ লক্ষ। রাজস্থানে ‌এই সংখ্যা ৭৫ লক্ষ। মহারাষ্টে তো এই সংখ্যা প্রায় ১ কোটি (৯৯ লক্ষ)। উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ এরকম কার্ড চিহ্নিত করেছে কেন্দ্র। হরিয়ানার মতো ছোট রাজ্যে ৩২ লক্ষ কার্ড চিহ্নিত করা হয়েছে। এনডিএ শাসিত রাজ্য অন্ধ্রপ্রদেশে এটা ৩৮ লক্ষ। বিজেপি শাসিত অসমে এই সংখ্যা ৩৬ লক্ষ। 

    রাজ্য খাদ্য দপ্তর সূত্রে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে রেশন বন্টন ব্যবস্থার স্বচছতা অনেক বেশি তা এটা প্রমাণ করে দিচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যে প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক আছেন। যে সব রাজ্যে অধিক সংখ্যক সন্দেহজনক কার্ড চিহ্নিত হয়েছে তাদের অনেকের গ্রাহকের সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে কম। তা সত্বেও সেখানে অনেক বেুশি সংখ্যক রেশন কার্ডে গোলমাল ধরা পড়েছে। এরাজ্যে রেশন গ্রাহকদের খাদ্য বন্টন সম্পূর্ণ অনলাইন ব্যবস্থায় ‘ই কেওয়াসি’ করে দেওয়া হয়। তাই রেশন কার্ডে গোলমাল থাকার সম্ভাবনা কমে যাঁয়। যে কার্ডগুলি চিহ্ণিত করে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে সেখানে কাজ চলছে। ইতিমধ্যে প্রায় ৩ লক্ষ ৫৯ হাজার কার্ড বাতিল করা হয়েছে। ১ লক্ষ ৮৭ হাজার কার্ড বৈধ পাওয়া গিয়েছে। প্রায় ৩২ শতাংশ কাজ হয়ে গিয়েছে। ভোট মিটে গেলে বাকি কাজ দ্রুত শেষ করে ফেলবে খাদ্য দপ্তর।
  • Link to this news (বর্তমান)