প্রীতেশ বসু, কলকাতা: ভারী বৃষ্টি মাথায় নিয়েই ভোট মরশুম পেরোতে হচ্ছে বঙ্গবাসীকে। এই পরিস্থিতিতে এখন থেকেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে মাঠে নেমে পড়ল নবান্ন। মশা বাহিত রোগের প্রকোপ ঠেকাতে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ জারি করল রাজ্য পূর্ত দপ্তর। সম্প্রতি জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃষ্টির সময় জমে থাকা জলই ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের মূল প্রজননক্ষেত্র হয়ে ওঠে। তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে জোর দিয়েছে দপ্তর। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, পূর্ত দপ্তর অধীনস্থ জমি, ভবন ও অন্যান্য সম্পত্তিতে কোথাও যেন জল জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
কী কী ব্যবস্থা নিতে বলা হয়েছে? যেখানে জল জমে থাকতে পারে এমন সব খোলা গর্ত দ্রুত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবহৃত নয় এমন যন্ত্রাংশ, বিটুমেন ভ্যাট বা নির্মাণসামগ্রীতে যাতে জল না জমে, তার জন্য নিয়মিত পর্যবেক্ষণ বা ঢেকে রাখার নির্দেশ। ভাঙা নির্মাণসামগ্রী বা ইলেকট্রিক্যাল যন্ত্র দ্রুত সরিয়ে ফেলতে হবে। ব্রিজ ডেক, ছাদ এবং অন্যান্য ড্রেনেজ পয়েন্ট নিয়মিত পরিষ্কার রাখতে হবে।সরকারি ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে হবে, যাতে কোথাও জল জমে না থাকে। চিলার প্ল্যান্টের কুলিং টাওয়ার ও এয়ার কন্ডিশনিং ইউনিট সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করার নির্দেশ। ঝোপঝাড় ও অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে সপ্তাহে একবার লার্ভিসাইড স্প্রে করা যেতে পারে। পূর্ত দপ্তরেড রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হাসপাতালে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে একবার সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। এই কাজে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় রাখা হবে।
এই সমস্ত নির্দেশ কার্যকর করার পর তার রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দিতে হবে বলেও জানানো হয়েছে।বিশেষজ্ঞদের মতে, বর্ষার আগে এই ধরনের পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।