সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: আইএসসি ও আইসিএসই বোর্ড পরীক্ষার ফল প্রকাশের দিনেই রাজ্যজুড়ে সাফল্যের উজ্জ্বল ছবি ধরা পড়েছে। এই সামগ্রিক সাফল্যের আবহেই আলাদা করে নজর কেড়েছে হাওড়ার বালির ছাত্র সৃজন মণ্ডল। ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের এই পড়ুয়া ৩৯৮ নম্বর পেয়ে আইএসসি পরীক্ষায় সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। সৃজনের এই কৃতিত্বে খুশির জোয়ার পরিবার ও শিক্ষাঙ্গনে।
সৃজনের বাবা গোপাল মণ্ডল যোগাযোগ ভবনের সরকারি কর্মী এবং মা রত্না মণ্ডল গৃহবধূ। ছেলের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের সম্মিলিত অবদান থাকলেও, মায়ের ত্যাগ বিশেষভাবে উল্লেখযোগ্য। রত্না দেবী প্রায়ই রাত দুই-তিনটা পর্যন্ত ছেলের পাশে বসে পড়াশোনায় সাহায্য করেছেন। এমনকি ছেলের পড়ার স্বার্থে বহু সামাজিক অনুষ্ঠান থেকেও নিজেকে দূরে রেখেছেন তিনি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়াই সৃজনের লক্ষ্য, আর সেই স্বপ্ন পূরণে সে আইআইটিতে পড়তে চায়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতাতেও তার দক্ষতা উল্লেখযোগ্য।
নিজের সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত সৃজন জানিয়েছে, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে। তার কথায়, 'মা-বাবার সমর্থন ছাড়া এই ফল সম্ভব হত না, বিশেষ করে মা সবসময় পাশে থেকেছে।' বাবা গোপাল মণ্ডল বলেন, ছোট থেকেই সৃজন পরিশ্রমী। পরিবারে অনেকে তাকে ডাক্তার হিসেবে দেখতে চাইলেও, তার নিজের ইচ্ছা আইআইটিতে পড়ার- সেই স্বপ্নই পূরণ করুক, সেটাই চান তিনি। অন্যদিকে মা রত্না মণ্ডলের কথায়, 'ছেলের জন্য যা করেছি, তা একজন মায়ের দায়িত্ব। আজ তার সাফল্যে ভীষণ ভালো লাগছে।'