• পরিযায়ী শ্রমিকদের ভোট কোন দিকে, উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে শুরু চর্চা
    বর্তমান | ০২ মে ২০২৬
  • শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: ভোট মিটতেই উত্তর ২৪ পরগনায় এখন একটাই আলোচনা—পরিযায়ী শ্রমিকদের ভোট কোন দিকে গেল? জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির অন্দরেই বাড়ছে এই হিসেব-নিকেশ। কারণ, এবারের নির্বাচনে ভিন রাজ্যে কর্মরত বহু শ্রমিক বাড়ি ফিরে ভোট দিয়েছেন। যা ফলাফলের অঙ্কে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় এক লক্ষ পরিযায়ী শ্রমিক এবারে ভোট দিতে ফিরেছেন। তাঁদের বড় অংশই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমার বিস্তীর্ণ গ্রামাঞ্চল থেকে বহু মানুষ বছরের অধিকাংশ সময় কাটান ভিন রাজ্যে। কেউ নির্মাণ শ্রমিক, কেউ কারখানার কর্মী, কেউ বা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। ভোটের আগে সেই সব এলাকায় হঠাৎ করেই জনসমাগম বেড়ে যায়।

    হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, হাড়োয়া, দেগঙ্গা ও সন্দেশখালির গ্রামগুলিতে গত কয়েক দিনে ট্রেন-বাসে চেপে ফিরেছেন অসংখ্য শ্রমিক। অনেকে পরিবার নিয়ে কয়েক দিনের জন্য গ্রামে থেকেছেন, আবার কেউ কেউ ভোট দিয়েই দ্রুত কাজে ফিরে গিয়েছেন। স্থানীয়দের কথায়, এত লোক একসঙ্গে ফিরেছে, এমন দৃশ্য অনেক দিন দেখা যায়নি। রাজনৈতিক মহলের মতে, এই ভোটব্যাঙ্কের আচরণ নির্ধারণ করা সহজ নয়। গত কয়েক বছরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে বহু শ্রমিককে। কখনও মজুরি নিয়ে অনিশ্চয়তা, কখনও নিরাপত্তার প্রশ্ন। পাশাপাশি, বাড়ি ফেরার সময় স্থানীয় ইস্যু, পঞ্চায়েত স্তরের কাজকর্ম এবং প্রশাসনিক পরিষেবার অভিজ্ঞতাও তাঁদের সিদ্ধান্তে ভূমিকা নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সর্বোপরি, ভিনরাজ্যে বাংলা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের কখনো আটকে রাখা আবার কখনো বা মারধরের ঘটনাও সামনে এসেছে। ফলে, পুঞ্জিভূত রয়েছে পরিযায়ী শ্রমিকদের সেই ক্ষোভ। ফলে পরিযায়ী শ্রমিকদের সেই ভোট তৃণমূলের দিকে আসবে বলেই আশাবাদী জোড়া ফুল শিবির।

    সব মিলিয়ে, উত্তর ২৪ পরগনায় এবারের নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের ভোট এক গুরুত্বপূর্ণ অজানা সমীকরণ হয়ে উঠেছে। প্রায় এক লক্ষ ভোটারের এই নীরব স্রোত কোন দিকে মোড় নিল, তার উপরই নির্ভর করতে পারে একাধিক আসনের ফলাফল। এখন অপেক্ষা শুধুই গণনার দিনের, যখন পরিষ্কার হবে, এই 'ফেরত' ভোট আসলে কার ঝুলিতে গেল!
  • Link to this news (বর্তমান)