• গঙ্গার জলস্তর কমায় পানীয় জলের সমস্যা মেটাতে হিমশিম খাচ্ছে দমদমের তিন পুরসভা, সমস্যা মেটাতে  ডিপ টিউবওয়েল ভরসা
    বর্তমান | ০২ মে ২০২৬
  • বিশ্বজিৎ মাইতি, বরানগর: গরমে গঙ্গার জলস্তর কমেছে। ফলে জল প্রকল্প থেকে কম জল পাচ্ছে দমদমের তিনটি পুরসভা। তাই পানীয় জলের সমস্যা ফের শুরু হয়েছে। তবে সমস্যা সমাধানের মরিয়া প্রয়াস নিয়েছে প্রতিটি পুরসভা। নিজেদের ডিপ টিউবওয়েল থেকে জল উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র গরম ও ভোটের মরসুমে সঙ্কট এড়াতে সমস্ত রকম চেষ্টা চালিয়েছে কেএমডিএ ও প্রতিটি পুরসভা। 

    কেএমডিএর ট্রান্স মিউনিশিপ্যাল ওয়াটার প্রোজেক্ট থেকে দমদম, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভার বিস্তীর্ণ অংশে জল পৌঁছয়। গঙ্গার জলস্তর কমায় এই জল প্রকল্প থেকে ক্রমশ কম জল পাচ্ছে সবকটি পুরসভা। ফি-বছর গরমের সময় সেই সঙ্কট আরও বাড়ে। ২০১৭ সালে এই জল প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ১০ এমজিডি জল পেয়েছিল দক্ষিন দমদম পুরসভা। তা এখন কমে আট এমজিডিতে নিচে নেমেছে। প্রতিটি পুরসভাতে একই চিত্র। বর্তমানে তিনটি পুরসভা নিজস্ব ডিবটিউবওয়েল সহ বাকি পানীয় জলের সোর্স চালু করে সঙ্কট মেটানোর চেষ্টা করছে। তাতেও সমস্যার সম্পূর্ণ সমাধান হচ্ছে না। পুরসভর ট্যাপকল থেকে কোথাও সরু সুঁতোর মতো জল পড়ছে। বহুতল আবাসনে জল ঠিকমতো পৌঁছচ্ছে না। নির্দিষ্ট সময়ের আগে বহু জায়গায় জল চলে যাচ্ছে। 

    দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং বলেন, কিছুটা জল আমরা কম পাচ্ছি সেটা ঠিক। কিন্তু পুরসভার পরিকাঠামোর মধ্যে ডিপটিউবওয়েল থেকে জল তুলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিছু এলাকায় জলের ট্যাঙ্কারও পাঠানো হয়েছে। কোথাও বড় কোনও সমস্যা নেই। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, জল একটু কম আসছে। তবে আমরা নিজেদের ডিপ টিউবওয়েল দিয়ে সমস্যা সমাধান করছি। বড় সমস্যা কোথাও নেই। আমাদের বড় জল প্রকল্পের কাজ শেষের পথে। ওই কাজ সম্পূর্ণ হলে জলের স্থায়ী সমাধান হয়ে যাবে। আশা করছি মাস দুয়েকের মধ্যে ওই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)