ঝাড়খণ্ডের হাজারিবাগে এক গভীর জঙ্গল থেকে তিন তুতো ভাইবোনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চারদিন নিখোঁজ থাকার পর ২৭ এপ্রিল মুফাসসিল থানার অন্তর্গত পাউতা জঙ্গল থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই রহস্যমৃত্যুর জট ছাড়াতে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
হাজারিবাগের পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, মৃতেরা হলেন মহম্মদ আদিল (২৫), শানিয়া পারভিন (১৯) এবং খুশি পারভিন (২১)। গত ২৩ এপ্রিল থেকে তাঁরা নিখোঁজ ছিলেন এবং ওই দিনই পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। পুলিশ আধিকারিকদের মতে, মৃতদেহগুলিতে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এটি খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে চিকিৎসকরা ডায়াটম টেস্ট (Diatom Test)-এর পরামর্শ দিয়েছেন। এর ফলে জলে ডুবে মৃত্যু হয়েছে কি না, তা স্পষ্ট হবে।
আদিলের বাবার অভিযোগের ভিত্তিতে ৭-৮ জনের বিরুদ্ধে FIR দায়ের করা হলেও, এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঝাড়খণ্ড রাজ্য সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান জ্যোতি সিং মাথারু ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পুলিশের প্রাথমিক তদন্তে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।