• রোগীর রক্ত লেগেছে অ্যাম্বুল্যান্সে...সাফ করতে হলো স্ত্রীকে, তার পর?
    এই সময় | ০২ মে ২০২৬
  • দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে নিয়ে আসায় অ্যাম্বুল্যান্সের গায়ে লেগে গিয়েছে রক্ত। সেই কারণ পরিবারের সদস্যকে দিয়ে সাফ করানো হলো ওই অ্যাম্বুল্যান্স। এমনই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের কাটনি জেলায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় অনলাইন)। তারপরেই সামনে এসেছে এই অভিযোগ।

    সংবাদমাধ্যম সূত্রের খবর, ২৪ এপ্রিল মধ্যপ্রদেশের কাটনির একটি গ্রামে পথ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ৩২ বছরের এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে সরকারি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে জেলার সরকারি হাসপাতালে আনা হয়। সেখানে পরিস্থিতির অবনতি হলে তাঁকে জবলপুরে চিকিৎসার জন্য রেফার করা হয়। রোগীকে নিয়ে যাওয়ার আগে হাসপাতাল চৌহদ্দির মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সেই সময়ে অ্যাম্বুল্যান্স চালক টাকা চান। অভিযোগ, অ্যাম্বুল্যান্স সাফ করতে বলা হয় পরিবারের লোককে।

    ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা অ্যাম্বুল্যান্সটি সাফ করছেন। দাবি, ওই মহিলা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র নিন্দা জানাতে থাকেন নাগরিকেরা। বিষয়টি স্থানীয় প্রশাসনে থাকা কর্তাদের কানে পৌঁছয়। কাটনি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান নোটিশ পাঠিয়েছে, ডায়াল-১০৮ সরকারি অ্যাম্বুল্যান্সের পরিষেবা দেওয়া সংস্থাটিকেও নোটিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকের নাম দেবা সাহু এবং টেকনিশিয়ানের নাম মোহন খটিক। কাটনির সিএমওএইচ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কাটনির জেলা প্রশাসন গোটা ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।

  • Link to this news (এই সময়)