আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গেল পুনর্নির্বাচন। সকাল সাতটা থেকে। দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে। যার মধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ডহারবারের ৪টি বুথ রয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। শনিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলির বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। সারিবদ্ধভাবে ভোট দিতে সামিল হতে দেখা গিয়েছে ভোটারদের। ১৫টি বুথে একই চিত্র দেখা গিয়েছে। নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। পুনর্নির্বাচনেও তৎপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। বুথের সামনে কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এলাকায় জওয়ানরা টহল দিচ্ছেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলেই নির্বাচন কমিশন একটি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিককে উদ্দেশ্য করে লেখা নির্দেশিকায় শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছিল। সেই অনুযায়ী শনিবার সকাল থেকেই শুরু হয়েছে পুনর্নির্বাচন।
মগরাহাট পশ্চিম বিধানসভার যে ১১টি বুথে ভোট হচ্ছে সেগুলি হল উত্তর ইয়ারপুর স্কুল (রুম ২), নাজরা এফপি স্কুল (রুম ১), নাজরা এফপি স্কুল (রুম ২), দেউলা এফপি স্কুল (রুম ১), ঘোলা নোয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালায়া এফপি স্কুল (রুম ১), একতারা মালায়া এফপি স্কুল (রুম ২), একতারা মালায়া ধোরা এফপি স্কুল (রুম ১), বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল (রুম ১), বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল (রুম ২), বাহিরপুয়া কুড়কুড়িয়া এফপি স্কুল (রুম ৩)।
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের চারটি বুথের মধ্যে রয়েছে বাগদা জুনিয়র হাই স্কুল, চন্দা এফপি স্কুল (রুম ২), হরিদেবপুর এফপি স্কুল, রায়নগর এফপি স্কুল (রুম ২)।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় ভোট হয়েছিল এই দুই বিধানসভায়। এটা ঘটনা, বিভিন্ন অভিযোগের কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ফলতায় পুনর্নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে, সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটের ১১টি বুথে ভোটের হার ১৬.৬৮ শতাংশ। ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোটের হার ১৫.৮৩ শতাংশ।