মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি, ৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, কোন কোন জেলায়?
আজ তক | ০২ মে ২০২৬
একনাগাড়ে অসহ্য গরম সহ্য করেছে বাংলা। তারপর এসেছে স্বস্তির বৃষ্টি। সঙ্গে ঝড়ের দাপটও দেখা গিয়েছে। যার ফলে জেলায় জেলায় কমেছে তাপমাত্রা। তীব্র গরমের কষ্ট সইতে হচ্ছে না। আর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত এমন ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। এমনকী জেলায় জেলায় আসতে দেখা দিতে পারে কালবৈশাখী। বিশেষত, রবিবার থেকেই বাড়বে বৃষ্টির দাপট। ভোটের ফলাফল ঘোষণার দিনও ঝড়-জল হতে পারে।
আজ কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার মোটের উপর স্বস্তিদায়ক ছিল আবহাওয়া। তেমন একটা গরম লাগেনি। তবে সেভাবে বৃষ্টির দেখাও মেলেনি। যদিও আজ ভাল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবার আশঙ্কাও রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ভালই থাকবে আবহাওয়া। খুব একটা গরম সইতে হবে না। আর রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতার আবহাওয়ার কী খবর?
শুক্রবার কলকাতার আবহাওয়া মনোরম। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজ কি আবার ঝড়বৃষ্টি হবে? আর রাজ্যের রাজধানীর আবহাওয়া নিয়েও মতামত জানিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়ে দিয়েছে, শনিবার কলকাতায় কখনও রোদ আবার কখনও হালকা মেঘ দেখা যাবে। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। আবার এ দিন সর্বোচ্চ তাপমাত্রাও ২৯.২ ডিগ্রির কাছাকাছি। যেটা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি কম।
তবে আজ কলকাতায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। হলেও খুব কম। যদিও রবিবার থেকেই হতে পারে হাওয়া বদল। বৃষ্টি নামতে পারে। আর সোমবার, ভোট গণনার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী কয়েকদিন খুব একটা কষ্ট সহ্য করতে হবে না। স্বস্তির আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে। বিশেষত, রবিবার ফের হতে পারে ঝড়বৃষ্টি। রবিবার, বাঁকুড়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া...
রাজ্যের এই অংশ এখনও সেভাবে গরমের মুখ দেখেনি। প্রায় রোজই হচ্ছে ঝড়বৃষ্টি। আর সেই ধারা বজায় থাকবে বুধবার পর্যন্ত। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া ভাল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।