• ডায়মন্ড হারবারের বুথে সাময়িক উত্তেজনা, নির্বিঘ্নেই চলছে পুনর্নির্বাচন
    এই সময় | ০২ মে ২০২৬
  • ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন চলছে। এর মাঝেই সাময়িক উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৭৯ বুথে। তৃণমূলের অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম এক ভোটার ও তাঁর মাকে হেনস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনার প্রতিবাদ বুথের অদূরে বিক্ষোভ তৃণমূল কর্মী, সমর্থকদের।

    শনিবার সকাল ৭টা থেকে চাঁদা প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়। অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম এক ভোটার ভোট দিতে এলে তাঁকে সহায়তার জন্য তাঁর মাও ভেতরে ঢোকেন। সেই সময়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই ব্যক্তির মা ও ছেলেকে দীর্ঘক্ষণ আটকে রাখেন বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।

    ​খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস ও তৃণমূল মুখপাত্র প্রতীক উর রহমান। তাঁদের নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিশেষ ভাবে সক্ষম ভোটারকে সহায়তা করা মানবিক বিষয়। সেখানে অহেতুক হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেত্রীর নেতৃত্বে ভোটাররা ভোটকেন্দ্রের অদূরেই দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। ​এই বুথের মোট ভোটার ৯৭৫ জন।

    সাময়িক অশান্তি বাদ দিয়ে মোট ১৫টি বুথে নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে। কমিশন সূত্রে খবর, বেলা ১১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে প্রায় ৩৭ শতাংশ ভোট পড়েছে। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৩৮.২ শতাংশ। ডায়মন্ড হারবারে ৩৫.৯২ শতাংশ ভোট পড়েছে।

  • Link to this news (এই সময়)