• সকাল হতেই হঠাৎ ফোনে ‘মেসেজ অ্যালার্ট’, তবে কি আসছে কোনও বিপদ?
    এই সময় | ০২ মে ২০২৬
  • কোনও দুর্যোগের আগাম পূর্বাভাস থাকলে আমাদের স্মার্টফোনে অনেক সময় সতর্কবার্তা বা অ্যালার্ট মেসেজ আসে। সরকাররে তরফে এই সতর্কবার্তা পাঠিয়ে সাধারণ মানুষকে সাবধান করা হয় কোনও বড় বিপদের থেকে।

    শনিবার সকালেও অনেকের ফোনেই এই ধরনের অ্যালার্ট মেসেজ এসেছে। কিন্তু এখন তো কোনও বড় প্রাকৃতির বিপর্যয় বা বিপদের সম্ভাবনার কথা শোনা যায়নি। তবে কেন হঠাই এই অ্যালার্ট মেসেজ? সাধারণ মানুষও এই নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্থ। তবে কি বড় বিপদ আসতে চলেছে?

    শনিবার সকালে বহু মানুষের মোবাইল ফোনে জোরালো 'বিপ' আওয়াজে একটি অ্যালার্ট মেসেজ আসে। যা একটি ট্রায়াল মেসেজ। ভারত সরকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নতুন সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করেছে। এটি যে কোনও রকম দুর্যোগ বা বিপদ পরিস্থিতিতে খুব দ্রুত নাগরিকদের দুর্যোগ সতর্কবার্তা বা অ্যালার্ট মেসেজ পাঠাতে পারে। শনিবার এই সিস্টেমের একটি ট্রায়াল চালানো হয় সারা দেশ জুড়ে। সরকারের তরফে জানানো হয়েছে এটি শুধুমাত্র ট্রায়াল মেসেজ, কোনও ভয়ের কারণ নেই এতে।

    ন্যাশানাল ডিসাস্টার ম্যানেজম্যান্ট অথরিটি (NDMA) ও ভারতের টেলিকমিউনিকেশন বিভাগের (Department of Telecommunications ) তরফে এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দুর্যোগের সময় সতর্কবার্তা পাঠাতে এই সংস্থা রাষ্ট্রপুঞ্জে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রোটোকল (Common Alerting Protocol) অনুসরণ করে। মনে করা হয়, দুর্যোদের সময় বার্তা পাঠানোর জন্য এটি সবচেয়ে ভরসাযোগ্য সিস্টেম।

    ভারত সরকার দেশ জুড়ে এই ট্রায়াল রান চালাচ্ছে। এর প্রধান উদ্দেশ্যই হলো, হঠাৎ কোনও দুর্যোগ পরিস্থিতি হলে কতটা দ্রুত এই মেসেজ জনগণকে সাবধান করতে পারবে, তা পরীক্ষা করা। পাশাপাশি, এই সতর্কাবার্তা পাঠিয়ে জনগণকে আরও সচেতন করা হচ্ছে।

    গত ফ্রেব্রুয়ারি মাসেও এমনই মেসেজ অ্যালার্ট পাঠানো হয়েছিল। তখনও এটি একটি ট্রায়ালই ছিল। সরকারের তরফে আরও জানানো হয়েছে, এই রকম একই বার্তা একাধিকবারও আসতে পারে। তাই জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    ভারতের এই নতুন Cell Broadcast ব্যবস্থা ভবিষ্যতে ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়-সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিয়ে কোটি কোটি মানুষের নিরাপত্তা বাড়াতে আরও সাহায্য করবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

  • Link to this news (এই সময়)