কেউ গণনা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠছেন, তো কেউ আবার ছাদে উঠে দাঁড়িয়ে রয়েছেন! রাতবিরেতে বর্ধমানের ইউআইটি গণনা কেন্দ্রে এমনই ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ তুললেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। এই সংক্রান্ত একটি ভিডিয়োও দেখিয়েছেন তিনি। যদিও সেই ভিডিয়োর সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। অন্য দিকে, তৃণমূলের তরফেও স্ট্রংরুমের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, সিসি ক্যামেরার ডিসপ্লে-তে যে সময় দেখা যাচ্ছে, তার সঙ্গে বর্তমান সময়ের কোনও মিল নেই।
বর্ধমান উত্তর মহকুমার অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্রের জনাদেশ ইভিএমবন্দি হয়ে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউআইটি)-র স্ট্রংরুমে বন্দি রয়েছে। তার পর থেকেই নিরাপত্তার চাদরে মোড়া ওই গণনা কেন্দ্র। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাই কার্যকর করেছে নির্বাচন কমিশন। স্ট্রংরুম-সহ পুরো বিল্ডিংয়ে বন্দুক হাতে ২৪ ঘণ্টা প্রহরায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিল্ডিংয়ের মূল ফটক এবং ক্যাম্পাসের একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত প্রহরায় রাখা হয়েছে সশস্ত্র রাজ্য পুলিশকে। কিন্তু এই সবের মধ্যে গণনা কেন্দ্রে নানান কার্যকলাপ চলছে বলে অভিযোগ করেছেন সঞ্জয়।
একটি ভিডিয়ো দেখিয়ে বিজেপি প্রার্থীর দাবি, এক ব্যক্তিকে দড়ি বেয়ে স্ট্রংরুমের ছাদে উঠতে দেখা গিয়েছে। ছাদেও এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছেন সঞ্জয়। শুধু তা-ই নয়, সঞ্জয়ের অভিযোগ, বিল্ডিংয়ের ভিতর থেকে কিছু একটা ভেঙে যাওয়ার আওয়াজও শোনা গিয়েছে। সিসিটিভি ক্যামেরার ডিসপ্লে শুক্রবার বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বলে দাবি করে স্ট্রংরুমে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করেছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী।
সিসিক্যামেরা ডিসপ্লে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষও। তাঁর বক্তব্য, দু’টি কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় যে সময় দেখাচ্ছে, তার সঙ্গে বর্তমান সময়ের ফারাক ১-২ মিনিট। এ বিষয়ে বার বার অভিযোগ জানিয়েও সুরাহা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। যদিও জেলা নির্বাচনী দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কেন্দ্রের গণনার ঘরগুলিতে এসি লাগানোর কাজ চলছে। গণনা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোরও কাজ চলছে। সমস্ত অভিযোগ রাজনৈতিক দলের প্রার্থীদের জানানো হয়েছে।
স্ট্রংরুমের বাইরে পাহারা দিতে শুক্রবার রাত জেগেছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘এদের বিশ্বাস নেই। গতকাল কিছু ক্ষণের জন্য সিসিটিভি বন্ধ ছিল। যে ঘরে ইভিএম রয়েছে, সেখানে তালা ঠিকঠাক রয়েছে কি না, সিল করা তালা রয়েছে কি না, তা দেখতে এসেছিলাম। আমায় দূর থেকে দেখিয়েছে। ২-৩ তারিখও রাত জাগব।’