• ‘কী করে থাকব এখানে?’ হুমকির অভিযোগ, পুনর্নির্বাচন চেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ ফলতায়
    এই সময় | ০২ মে ২০২৬
  • দ্বিতীয় দফার নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফলতা বিধানসভা। এই কেন্দ্রের কয়েকটি বুথে ইভিএম মেশিনে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে। যদিও কমিশন প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। শনিবার দুপুরে পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের।

    গ্রামবাসীদের একাংশের দাবি, ভোট গণনার আগেই কিছু লোকজন ভয় দেখাচ্ছে। বাড়িতে থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। এ দিন সকালে ফলতা বিধানসভার হাসিম নগরে গ্রামবাসীদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলতা বিধানসভা এলাকায় পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা। ইসরাফিল চোকদার ও সুজাউদ্দিন শেখ নামে দু’জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কমিশন সূত্রে খবর, হুমকির অভিযোগ থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে কমিশন।

    এক গ্রামবাসী বলেন, ‘ঘরে এসে হুমকি দিয়ে যাচ্ছে। কেস করে দেওয়া হবে, মেরে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে। আমরা কী করে থাকব এখানে? ভোটগণনা হয়নি তার আগেই এরকম করছে।’ বিক্ষোভ দেখেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর, ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন। শনিবার এই কেন্দ্রের কোনও বুথে রিপোল হয়নি। রবিবার বা গণনার পরেও এই কেন্দ্রের সংশ্লিষ্ট বুথগুলিতে রিপোল হতে পারে বলে কমিশনের একটি সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)