• পরীক্ষা ছাড়াই নিয়োগ! বিজ্ঞাপন ভুয়ো জানাল কলকাতা মেট্রো
    প্রতিদিন | ০২ মে ২০২৬
  • কর্মী নিয়োগ করছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। তাও আবার কোনও পরীক্ষা ছাড়াই। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক পাস করলেই মিলবে চাকরি। বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন ছড়িয়েছে। এই বিজ্ঞাপন ভুয়ো। মেট্রো রেলের তরফে কোনও বিজ্ঞাপন জারি করা হয়নি বলে জানাল মেট্রো কর্তৃপক্ষ।

    কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, কর্তৃপক্ষের নজরে এসেছে ২৭ এপ্রিল থেকে, ‘কলকাতা মেট্রো মেগা নিয়োগ ২০২৬’ নামে বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছে পরীক্ষায় ছাড়া বিভিন্ন পদে প্রচুর নিয়োগ করতে চলেছে কলকাতা মেট্রো। কর্তৃপক্ষ জানিয়েছে এই বিজ্ঞপ্তি ভুয়ো। তারা এই রকম কোনও বিজ্ঞপ্তি দেয়নি। চাকরিপ্রার্থীদের বিপদে ফেলতে বা অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হচ্ছে।

    বিজ্ঞাপনটি ভুয়ো জানানোর পাশাপাশি চাকরিপ্রার্থীদের সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই ধরনের বিজ্ঞাপনের নিচে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করার থেকে দূরে থাকার কথা বলেছে মেট্রো (Kolkata Metro)। চাকরির নামে টাকা বা কোনও ওটিপি কিংবা পাসওয়ার্ড শেয়ার করতে বারণ করা হয়েছে। এই রকম কোনও সমস্যার মুখে পড়লে বিষয়টি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিয়োগের জন্য মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার কথা বলেছে কর্তৃপক্ষ।
  • Link to this news (প্রতিদিন)