ভোটপরীক্ষা শেষ। এবার ব্যালটে ভাগ্যগননার পালা। আর মাত্র আটচল্লিশ ঘণ্টা বাদেই ‘বাংলার মসনদে’র ভবিষ্যৎ নির্ধারণ হবে। আগামী ৪মে নির্বাচনী ফলপ্রকাশ (Bengal Election Results 2026)। তার প্রাক্কালেই ভোটের রেজাল্ট নিয়ে বড় ভবিষ্যদ্বাণী মানসী সিনহার (Manasi Sinha)।
মানসী অভিনয়ের আঙিনায় যেমন পরিচিত মুখ, তেমনই পরিচালক হিসেবেও বর্তমানে বহুল প্রশংসিত। স্পষ্ট বক্তা। যে কোনও ইস্যুতে বরাবর নিজস্ব অবস্থান নিয়ে রাখঢাক করেননি। একাধিকবার যেমন শাসক দলের সমালোচনায় সরব হয়েছেন, তেমনই ইন্ডাস্ট্রির অন্দরের ইস্যু নিয়েও মতামত ব্যক্ত করেছেন দৃঢ় কণ্ঠে। নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়েও বরাবর খুল্লমখুল্লা থেকেছেন মানসী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেদের হয়ে ভোটপ্রচার করতেও দেখা গিয়েছে অভিনেত্রী তথা পরিচালককে। এবার ভোটপরীক্ষার ফলপ্রকাশের প্রাক্কালে ‘রক্তশূন্য’ বাংলায় ফের লাল নিশান ওড়ার ভবিষ্যদ্বাণী করলেন মানসী সিনহা।ট
এইমূহূর্তে বাংলার বিধানসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে গোটা দেশ। ‘পরিবর্তন না প্রত্যাবর্তন’ এহেন তত্ত্বে যখন বাংলার রাজ্য রাজনীতি সরগরম, তখন এমন আবহেই সিপিএমের হয়ে সুর চড়ালেন বাম সমর্থক অভিনেত্রী। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কে জিতবে? সম্প্রতি এক অনুষ্ঠানে এহেন প্রশ্নের সম্মুখীন হওয়ায় উত্তেজনার বশে মানসী বলে ফেলেন ‘লাল জিতবে’। উত্তর দেওয়ার পরই তড়িৎগতিতে জিভ কাটতে দেখা যায় তাঁকে। আসলে ত্রিশ বছরের বামদূর্গে ধস নামার পর বিগত দেড় দশকে বাংলার রাজনীতিতে বামেদের ‘অস্তিত্ব সংকট’ নিয়ে কম আলোচনা-পর্যালোচনা হয়নি। কিন্তু তাতে কী? হাওয়া বদলালেও মানসীর রাজনৈতিক মতাদর্শ যে বদলায়নি, অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। মানসী বলেন, “আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়, আমি বলব, সিপিএম হয়তো সরকার গড়তে পারবে না ঠিকই, কিন্তু নিঃসন্দেহে এবার বেশ কয়েকটি সিট পাবে। এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা।” অতঃপর চলতিবারের ভোটযুদ্ধে বামেদের প্রত্যাবর্তন যে অনিবার্য, সেকথাই বুঝিয়ে দিলেন অভিনেত্রী।