পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনাপর্বকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ দিল্লির নির্বাচন সদনের (Election Commission of India)। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজ়ার্ভার ও ৭৭ জন পুলিশ অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে।
ইসিআই-এর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অতিরিক্ত পর্যবেক্ষকদের মূল কাজই হলো গণনাকেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়াটি যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত ও স্বচ্ছ ভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করা।
সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ এবং নির্দিষ্ট আইনের অধীনে এই নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যে সব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজ়ার্ভারদের সহায়তায় অতিরিক্ত অবজ়ার্ভার নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অবজ়ার্ভাররা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখভাল করবেন, তবে গণনার দিন তাঁরা কোনও অবস্থাতেই গণনাকক্ষে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া, ইসিআই নির্দেশ দিয়েছে যে গণনাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ ভাবে কিউআর কোড-ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। মোবাইল ফোন সঙ্গে রাখার ক্ষেত্রেও কড়া নিষেধাজ্ঞা জারি থাকবে। গণনার ফলাফল নির্ধারিত ফর্মে প্রস্তুত করে কাউন্টিং এজেন্টদের সইয়ের জন্য ভাগ করা হবে বলেও জানানো হয়েছে।