মেঘ ঘনিয়ে আসছে আকাশে। ধেয়ে আসছে ঘোর ঝড়-বৃষ্টি। ২মে, শনিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। বজ্রপাত, বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিকেল সাড়ে ৪টে পর থেকেই কলকাতার আকাশে মেঘ জমতে করে। ধর্মতলা চত্বর এবং আরও নানা এলাকায় প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। বেশ কিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে। বারাসত, মধ্যমগ্রাম এলাকায় শুরু হয় ব্যাপক ঝড়। তার আগে বিকেল তিনটে নাগাদ বাঁকুড়ায় খাতড়াতেও ঝড়ের ধাক্কায় গাছ ভেঙে পড়ার ঘটনা শোনা গিয়েছে।
এ দিনই উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরের কিছু কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী কয়েকদিনের পূর্বাভাসও দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
রবিবার (৩ মে):
ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টা ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সোমবার (৪ মে):
বাংলার বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিনেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তার সঙ্গে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।