• জেলাভিত্তিক কাউন্টিং অবজ়ার্ভার নিয়োগ, দলীয় বৈঠকে কী নির্দেশ মমতা-অভিষেকের?
    এই সময় | ০২ মে ২০২৬
  • দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে শনিবার বিকেলে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্র না ছাড়ার ব্যাপারে এ দিন কর্মীদের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। ২০০-র বেশি আসনে দল জিতবে বলে সভায় জানান মমতা। অন্য দিকে, অভিষেক দলের কর্মীদের উদ্দেশে বার্তা দেন, ২০২১-এর থেকে ভালো ফল করবে তৃণমূল। দলের তরফে জেলাভিত্তিক কাউন্টিং অবজ়ার্ভার নিয়োগ করা হয় এ দিনের বৈঠকে।

    ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য মোট ৭৭টি গণনাকেন্দ্র রয়েছে রাজ্যে। প্রতিটি গণনাকেন্দ্রেই তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় এ দিনের বৈঠকে। কোনও কেন্দ্রে ২০০ থেকে ৩০০ ব্যবধান কম থাকলে সেই কেন্দ্রে রি-কাউন্টিং করার আবেদন করা হবে বলেও এ দিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয়।

    তৃণমূল সূত্রে খবর, এ দিন বৈঠকে অভিষেক বলেন, ‘আজও দক্ষিণ ২৪ পরগনায় পুনরায় ভোটগ্রহণ করতে হয়েছে। সব ব্যবস্থাপনা সত্ত্বেও শেষে কমিশন পুনরায় ভোটগ্রহণে বাধ্য হলো। বিভিন্ন সংস্থা ও বাহিনী-সহ নিজেদের সর্বশক্তি নিয়োগ করেও তারা (বিজেপি) আবারও পরাজিত হবে। সমস্ত নিয়মকানুন বদলে দেওয়া হয়েছিল। কার্যত, ভোটের ময়দানে লড়াইটা ছিল তৃণমূল বনাম কেন্দ্রীয় বাহিনীর।’

    কোনওভাবেই বিজেপি ক্ষমতায় আসছে না বলে এ দিন বৈঠকে জানান অভিষেক। তাঁর দাবি, গণমাধ্যমে যে সব বুথ ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে— সেটা দেখে বিজেপিও বিশ্বাস করছে না যে, তারাই সরকার গঠন করতে যাচ্ছে। বাস্তবতা সম্পর্কে তারা পুরোপুরি অবগত। আমি বলছি নোট করে নিন— ২০২১ সালের তুলনায় তৃণমূল কংগ্রেস এ বার আরও বেশি আসন পাবে।’

  • Link to this news (এই সময়)