• বৃষ্টিতে মাটির বাড়ি ধসে কলেজ ছাত্রীর মৃত্যু, আহত পরিবারের চার জন
    বর্তমান | ০২ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: প্রবল ঝড়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল কলেজ ছাত্রীর। গতকাল, শুক্রবার মধ্যরাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ নম্বর ব্লকে। মৃতের নাম পিঙ্কি দাস (১৯)। শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি। 

    গতকাল রাতে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি হয়। সেই সময় শিলদা গ্ৰাম পঞ্চায়েতের শুখজোড়া এলাকায় ভেঙে পড়ে মাটির একটি দোতলা বাড়ি। নিচের তলার দু‘টি ঘরে ঘুমিয়ে ছিলেন পরিবারের পাঁচ জন। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান তাঁরা।

    চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে বের করে আনা হয় পাঁচজনকে। তাঁদের  নিয়ে যাওয়া হয় বেলপাহাড়ী গ্ৰামীণ হাসপাতালে। আরো ভালো চিকিৎসার জন্য .সেখান থেকে আহতদের ঝাড়গ্রাম মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে যাওয়ার পথে পিঙ্কির মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)