নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার রাজ্যে ভোটগণনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। বাইরে তা পাহারা দিচ্ছেন বিভিন্ন দলের লোকজন। শনিবার সকালে টানা ১৭ মিনিট বারাসত গর্ভমেন্ট কলেজের স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধ ছিল বলে অভিযোগ তৃণমূলের। যার জেরে উত্তেজনা ছড়ায়।
জানা গিয়েছে, এদিন সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত স্টং রুমের ভিতরের দৃশ্য বাইরে লাগানো স্ক্রিনে দেখা যাচ্ছিল না। এই ১৭ মিনিট সেখানকার সিসি ক্যামেরাগুলি বন্ধ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আছেন স্টং রুম চত্বরে। যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, স্ট্রং রুমের সিসি ক্যামেরা ঠিকঠাক চলছিল। কেউ টিভি বন্ধ করেছিলেন। যে কারণে তা দেখা যাচ্ছিল না। যদিও কমিশনের এই বক্তব্যে সন্তুষ্ট নন তৃণমূল প্রার্থী। বিতর্কিত ১৭ মিনিটের স্ট্রং রুমের বাইরের ও ভিতরের সিসি ক্যামেরা ফুটেজ চেয়ে কমিশনে মেইল করেছেন তিনি।
স্ট্রং রুমের সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ ঘিরে সকাল সকাল উত্তেজনা তৈরি হয় এলাকায়। ছুটে আসেন স্বয়ং এসডিপিও। ডাকা হয় আরো বাহিনী। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্ট্রং রুমের সামনে পাহারা দিচ্ছেন এসডিপিও।