আজকাল ওয়েবডেস্ক: এক তৃণমূল কর্মীর বাড়ির দেওয়ালে হুমকি পোস্টার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বীর শিমূল গ্রামে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৮২ নম্বর বুথ এলাকায়।
অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল কর্মী সমীর চক্রবর্তীর বাড়ির বাইরের দেওয়ালে একটি পোস্টার সাঁটানো হয়। শনিবার সকালে তাঁর ছেলে প্রথম পোস্টারটি দেখতে পান। পোস্টারে লেখা ছিল, ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর দেখে নেওয়া হবে, যা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
সমীর চক্রবর্তীর দাবি, তিনি ২০০৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, ভোটের আগের দিন বিজেপির এক কর্মী তাঁকে এক নেতার সঙ্গে ফোনে কথা বলার জন্য চাপ দেন। তিনি রাজি না হওয়ায়, ৪ মে-র পর দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাঁদের কর্মীদের ভয় দেখিয়ে মনোবল ভাঙার চেষ্টা করছে বিজেপি। ভোটের আগেও হুমকি দেওয়া হয়েছে, আর গণনার আগে বাড়িতে পোস্টার সাঁটিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে দাবি শাসক দলের। ইতিমধ্যেই মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জেলা বিজেপির মুখপাত্র শান্তরূপ দে জানান, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনো যোগ নেই। তাঁর পাল্টা দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল। সেই কারণেই এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।