ফের কাশ্মীরকে রক্তাক্ত করার ছক! জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে পুলওয়ামা থেকে এক যুবককে গ্রেপ্তার করল নিরাপত্তা কর্মীরা। সূত্রের খবর, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং অস্ত্রশস্ত্র। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ-এর জওয়ানরা। এরপরই পুলওয়ামার রাজপোরা এলাকা থেকে মহাম্মদ উমর মালিক নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের একটি সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল, ম্যাগাজিন, প্রচুর কার্তুজ, দু’টি হ্যান্ড গ্রেনেড-সহ একাধিক অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। সূত্রের খবর, রাজপোরা থানায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে খবর, উমরের সঙ্গে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে। কাশ্মীরে তিনি তাদের হয়ে দীর্ঘদিন ‘ওভার গ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে কাজ করতেন। সেনাবাহিনীর গোপন তথ্য পাচার থেকে শুরু করে জঙ্গি হামলার পরিকল্পনা সব কিছুর দায়িত্বে ছিল উমরের উপরেই। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।