• নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হানা! এবার খাবারের খোঁজে রাজ্যসড়ক ‘অবরোধ’ সেই রামলালের
    প্রতিদিন | ০৩ মে ২০২৬
  • ফের জঙ্গল ছেড়ে রাজ্যসড়কে রামলাল। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার সময় রাস্তার পাশে জমে থাকা জল-কাদাও গায়ে মাখে সে। রামলাল ঝাড়গ্রাম এলাকার একটি হাতি। এলাকায় ওই অতিকায় বন্য যথেষ্ট পরিচিত। মাঝেমধ্যেই খাবারের জন্য স্থানীয় লোকালয় ও জাতীয় সড়কে চলে আসে সে। সবজি, ফলের গাড়ি যাওয়ার সময় তাঁকে ‘উপঢৌকন হিসেবেও কিছু ফল, সবজি চালকরা দিয়ে যান! প্রথম দফায় ভোটের দিন সকালে রামলাল ভোটগ্রহণ কেন্দ্রেও চলে গিয়েছিল। অনেক সাধ্যসাধনার পর সেখান থেকে তাকে সরানো হয়েছিল। ওই ঘটনার রেশ কাটার আগেই এদিন রাজ্যসড়কে ফের রামলালকে স্বমহিমায় দেখা গেল। কার্যত ‘অবরোধ’ করে রাখে সে।

    আজ, শনিবার বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রামের শালবনি এলাকার লোধাশুলি–ঝাড়গ্রাম রাজ্য সড়কে রামলাল আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠে খাবারের সন্ধান করতে দেখা যায় হাতিটিকে। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও খাবার না পেয়ে শেষপর্যন্ত ফের জঙ্গলের দিকেই ফিরে যায় সে। এদিন তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে রাস্তার ধারে জমে থাকা বৃষ্টির জল ও কাদা শুঁড়ে তুলে নিজের শরীরে ছিটিয়ে নিতেও দেখা যায় রামলালকে। ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। যাত্রীবাহী বাস-সহ একাধিক গাড়ি রাস্তার দু’ধারে দাঁড়িয়ে পড়ে। পথচলতি বহু মানুষ মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাস ধরেই ‘রামলাল’ নামে পরিচিত এই হাতিটি ঝাড়গ্রাম বন বিভাগের ঝাড়গ্রাম ও লোধাশুলি রেঞ্জের শালবনি, গড় শালবনি এবং জিতুশোল এলাকার জঙ্গলে ঘোরাফেরা করছে। মাঝেমধ্যেই সে জঙ্গল ছেড়ে লোকালয়ে বা রাস্তায় উঠে আসে খাবারের সন্ধানে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটির উপর নজরদারি রাখা হলেও সেটিকে জোর করে রাস্তা থেকে সরানো হয় না। কারণ, তার সামনের ডান পায়ে আঘাত রয়েছে। তাকে তাড়ালে দৌড়তে গিয়ে সেই আঘাত আরও গুরুতর হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বনকর্মীরা।

    কিছুদিন আগে রামলাল অসুস্থ হয়ে পড়েছিল। বনদপ্তরের তরফে তার চিকিৎসা করা হয়। এই মুহূর্তে হাতিটি সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে খবর। ঝাড়গ্রামে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে হানা দিয়েছিল রামলাল। বেশ কিছু সময়ের চেষ্টায় কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে তাকে সরাতে পারে। যদিও রামলাল কাউকে আক্রমণ করেনি বলেই খবর।
  • Link to this news (প্রতিদিন)