• অশান্তি বরদাস্ত নয়, গণনার দিন হাওড়ার স্পর্শকাতর এলাকায় মোতায়েন থাকবে বিপুল কেন্দ্রীয় বাহিনী
    প্রতিদিন | ০৩ মে ২০২৬
  • কড়া নিরাপত্তার মধ্যেই সারা রাজ্যের মতো হাওড়া সদরেও সোমবার অর্থাৎ ৪ মে তিনটি কেন্দ্রে গণনা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রতিটি গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথম স্তরে কাউন্টিং সেন্টারের ১০০ মিটারের মধ্যে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও স্টেট পুলিশ আধিকারিকরা। দ্বিতীয় স্তরে থাকবে স্টেট আর্মড পুলিশ ফোর্স। তৃতীয় স্তর অর্থাৎ কাউন্টিং হল থেকে স্ট্রংরুম পর্যন্ত গোটা অংশের নিরাপত্তার দায়িত্ব সামলাবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী।

    এদিকে হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, তিনটি কাউন্টিং সেন্টারে মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি গণনা কেন্দ্রে প্রায় ২ কোম্পানি করে মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়াও ৪ মে সোমবার গণনার সময় হাওড়া কমিশনারেট এলাকায় গণনা কেন্দ্রের বাইরে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় আইন-শৃঙ্খলা সামলাতে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সশস্ত্র রাজ্য পুলিশও থাকবে। কাউন্টিং সেন্টারের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না।

    এই প্রসঙ্গে হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া শনিবার বললেন, ‘‘কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই জেলার গণনা কেন্দ্রগুলিতে গণনা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টদের আমরা বলেছি গণনা কেন্দ্রের সামনে থাকতে হবে। একবার গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলে উপযুক্ত পরিচয়পত্র দেখাতে না পারলে তাঁকে আর ভিতরে ঢুকতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের ভিতরে যাতে কোনওরকম জমায়েত বা বিশৃঙ্খলা না হয় তা দেখা হবে।’’

    প্রসঙ্গত, হাওড়া সদরে তিন জায়গায় হয়েছে স্ট্রংরুম, ওখানেই হবে ভোট গণনা। হাওড়া সদরের বিধানসভা কেন্দ্রগুলির ভোট গণনা হবে হাওড়া শহরের তিনটি কেন্দ্রে। যেমন বালি, হাওড়া উত্তর ও হাওড়া মধ্য এই তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে হাওড়া ময়দানে যোগেশচন্দ্র গালর্স স্কুলে। এছাড়া লক্ষ্মীনারায়ণতলায় শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে ভোট গণনা হবে শিবপুর, হাওড়া দক্ষিণ ও সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের। অন্যদিকে মধ্য হাওড়ার কাসুন্দিয়া বিবেকানন্দ ইনস্টিটিউশন স্কুলে ভোট গণনা হবে পাঁচলা, জগদবল্লভপুর ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের। 
  • Link to this news (প্রতিদিন)