• ‘দশ জন্মেও পারবে না...’, ফলতার রিপোল ঘোষণার পরেই তোপ অভিষেকের
    এই সময় | ০৩ মে ২০২৬
  • ফলতার সব বুথে পুনর্নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরেই রাজ্য রাজনীতি তোলপাড়। কমিশনের এমন সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন বিজেপি এবং তৃণমূূলের শীর্ষস্তরের নেতারা। কমিশনের সিদ্ধান্ত সামনে আসার পরেই X হ্যান্ডলে একটি পোস্ট করে ডায়মন্ড হারবার মডেলকে নিশানা করেন বিজেপি নেতা অমিত মালব্য। তার পাল্টা তোগ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    অমিত মালব্য লিখেছিলেন, ‘ডায়মন্ড হারবার মডেল গুঁড়িয়ে যাচ্ছে।’ তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের পুতুল জ্ঞানেশ কুমার দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলে দাঁত ফোঁটাতে পারবে না... আপনাদের যা আছে নিয়ে আসুন। দিল্লির সবচেয়ে শক্তিশালী গডফাদারকে পাঠান। সাহস থাকলে ফলতায় লড়ুন।’

    গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্তের পরে একে-অন্যকে তোপ দেগেছে তৃণমূল ও বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, ‘ফলতায় ভোটের নামে প্রহসন হয়েছে। নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এটা বছরের পর বছর চলবে, ভারতের কোথাও এটা দেখা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ক্ষেত্রে বার বার এই ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনা যতদিন চলবে, ততদিন গণতন্ত্র সাবালক হয়েছে বলা যাবে না। গণতন্ত্র নেই সেখানে।’

    তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর তোপ, ‘ক্রীতদাস কমিশনের তুঘলকি সিদ্ধান্ত। ফলতায় তো সিংহম না কাকে পাঠানো হয়েছিল। তিনি কী করলেন? উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এল, তিনি তো কোনও রিপোর্ট দেয়নি যে বুথ জ্যাম হয়েছে। এসব করে ভোট আটকানো যাবে না। গোটা বাংলার কোনায় কোনায় ফলতা তৈরি হয়েছে। কতগুলি আটকাবে? যখন ফল বেরোবে বিজেপির সঙ্গে সঙ্গে ক্রীতদাস কমিশনকেও বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে বাংলার মানুষ।’

  • Link to this news (এই সময়)