চুক্তি ভিত্তিক কর্মীদের ভোট গণনার কাজে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ তুললেন নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এবং দাসপুর বিধানসভায় এমন ঘটনা ঘটেছে বলে X হ্যান্ডেলে দাবি করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পিংলা বিধানসভায় জীবিকা সেবক, সহায়কদের মতো অস্থায়ী কর্মীদের ভোট গণনার কাজে লাগানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং রিটার্নিং অফিসারের স্বাক্ষর থাকা নির্দেশিকাও পোস্ট করেছেন তিনি। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে।
যদিও এ ব্যাপারে নির্দিষ্ট কোনও অভিযোগ মেলেনি বলে জানিয়েছেন পিংলার রিটার্নিং অফিসার মহম্মদ জসিমউদ্দিন মণ্ডল। তবে তিনি বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশিকা পেয়েছি। যেখানে বলা হয়েছে, কোনও অস্থায়ী কর্মী রাখা যাবে না। তাই আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই গণনা কেন্দ্রে অস্থায়ী কর্মীদের রাখছি না।’
তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমাদের কোনও বক্তব্য নেই।’