• শহরের সব রাস্তায় সিসিটিভির নজরদারি, প্রস্তাব কলকাতা পুরসভার অধিবেশনে
    এই সময় | ০৩ মে ২০২৬
  • এই সময়: কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাকে সিসিটিভির আওতায় এনে শহরকে স্মার্ট সিটি করার দাবি উঠল পুরসভার মাসিক অধিবেশনে। গত ৩০ এপ্রিল এই প্রস্তাব দেন বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রূপক গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন,‘ওই প্রস্তাব কার্যকর করতে পুরসভার তরফে কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনা করা হবে।’

    শহরের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি কলকাতা পুলিশের আওতাধীন। ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে ব্যস্ত এবং প্রধান রাস্তাগুলি এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে। যা কলকাতার যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার তদন্তে সহায়ক ভূমিকা পালন করছে বলে পুলিশের দাবি।

    রূপকের প্রস্তাব, লন্ডন, নিউইয়র্ক, সিঙ্গাপুরের মতো শহর সিসিটিভি ব্যবহার করে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে। তাই কলকাতাতেও সমস্ত বাজার, স্কুল, পার্ক, জনবহুল রাস্তার মোড় সহ বিভিন্ন জায়গায় উন্নতমানের সিসিটিভি ব্যবহার করা হোক। ওই তথ্য সংগ্রহ করে পুলিশ ও পুরসভার মধ্যে একটা ডেটা শেয়ারিং পদ্ধতি চালু করা যেতে পারে। নাগরিক নিরাপত্তার স্বার্থে, এই প্রকল্প রূপায়ণে পুরসভা পাবলিক–প্রাইভেট–পার্টনারশিপে (পিপিপি) প্রকল্পের অনুমোদন করুক। যাতে এই প্রস্তাব কার্যকর হলে শহর নিরাপদ থাকতে পারে।

    এই প্রস্তাবের প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম জানান, যে সব শহরের কথা উল্লেখ করে প্রস্তাব দেওয়া হচ্ছে, সংশ্লিষ্ট শহরগুলিতে পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণের বিষয়টি মেয়রের হাতে রয়েছে। কলকাতায় তা নেই। ফলে বিষয়টি নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে পুরসভাকে আলোচনায় বসতে হবে। তিনি বলেন, ‘ভোট পর্ব মিটলেই প্রস্তাবটি কী ভাবে কার্যকর করা যায় সেই পরিকল্পনা করা হবে।’

    কলকাতা পুরসভার একাধিক প্রবীণ কর্মী জানান, প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের সময়েও পুরসভার নিজস্ব একটি পুলিশ বাহিনীর পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে ওই প্রচেষ্টা নিয়ে আর কোনও কথা শোনা যায়নি। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, তাঁদের কাছে পুরসভার তরফে এই বিষয়ে কোনও প্রস্তাব পাঠানো হয়নি। প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

  • Link to this news (এই সময়)