পাঞ্জাবে আস্থা ভোটে জয়, স্বস্তি আপ শিবিরে, প্রভাব ফেলল না চাড্ডার দলত্যাগ
বর্তমান | ০৩ মে ২০২৬
চণ্ডীগড়: সাত সাংসদের দলত্যাগের পর পাঞ্জাবের আপ সরকারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শনিবার আস্থা ভোটে জয়ের পর আশঙ্কার সেই কালো মেঘ কেটে গেল। তারপরই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কটাক্ষের সুরে তিনি বলেন, অনেকেই দাবি করছেন, ৪০ বা ৬৫ জন আপ বিধায়ক দল ত্যাগ করবেন। এই আস্থা ভোটে জয়ের পর সেই সমস্ত জল্পনা ও দাবি ঠান্ডা ঘরে চলে গেল। তিনি আরও বলেন, আপ সরকারকে ভেঙে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু, তা ভেস্তে গিয়েছে। মানুষের আস্থা আমাদের সঙ্গেই রয়েছে। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেই প্রসঙ্গ টেনে মান বলেন, বিধানসভা নির্বাচনেও বড় জয় পাবে আপ। ১১৭ আসনের বিধানসভায় আপের ৯৪ জন বিধায়ক রয়েছে। শুক্রবারের আস্থা ভোটে ৮৮ জন বিধায়র হাজির ছিলেন। বাকিদের মধ্যে দু’জন বিদেশে, দু’জন জেলে ও দু’জন হাসপাতালে ভর্তি। স্বাভাাবিকভাবেই আস্থা ভোটে জয় পেতে আপকে বেগ পেতে হয়নি। আস্থা ভোটে জয়ের পর ভগবন্ত মান সরকারের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পেল বলে মত রাজনৈতিক মহলের। এদিন বিজেপিকেও কড়া আক্রমণ করেছেন মান। কটাক্ষের সুরে তিনি বলেন, কারও দল ভাঙালেই শক্তিশালী হওয়া যায় না। তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগ থাকা দরকার। আমরা অনেক রক্ত-ঘাম ঝরিয়ে দল তৈরি করেছিলাম। মানুষের বিশ্বাস ও আস্থাই এই দলের ভিত। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাঘব চাড্ডা সহ দলের সাত রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগ দেন। তারপরই রাঘব দাবি করেছিলেন, পাঞ্জাবের সিংহভাগ আপ বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে। এহেন পরিস্থিতিতে রাষ্ট্রপতির কাছে সময় চান মান। আগামী ৫ মে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে আস্থা ভোটে জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াল বলে মত তথ্যাভিজ্ঞ মহলের।