মেট্রোর প্রযুক্তিগত মানোন্নয়নে ৬৭১ কোটি বরাদ্দ কেন্দ্রের
বর্তমান | ০৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাল, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। তার আগে শনিবার ফের বাংলাকে রেল-উপহার দিল কেন্দ্রের মোদি সরকার। কলকাতা মেট্রোর প্রযুক্তিগত মানোন্নয়ন এবং আদ্রা রেল সেতু প্রকল্পের রূপায়ণে এদিন মোট ৮৯৫ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক। প্রধানত কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ করিডর, অর্থাৎ এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ-নিউ গড়িয়া রুটের কথা মাথায় রেখেই এর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমানের পাঁচ মিনিটের পরিবর্তে আড়াই মিনিটের ব্যবধানে ট্রেন চলতে পারবে। সবমিলিয়ে কলকাতা মেট্রোর এহেন প্রযুক্তিগত মানোন্নয়নের জন্য এদিন রেলমন্ত্রক বরাদ্দ করেছে মোট ৬৭১ কোটি ৭২ লক্ষ টাকা।
বাকি ২২৩ কোটি ৫৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে আদ্রা রেল সেতু প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে। দক্ষিণ পূর্ব রেলের মধুকুন্ড-দামোদর অংশে এই সেতুর নির্মাণ হবে। এর ফলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল অংশেও রেল পথে পণ্য পরিবহণে আরও বেশি গতি আসবে বলে মনে করছেন রেল আধিকারিকরা। রেল জানিয়েছে, ওই অংশে যে দামোদর রেল সেতু রয়েছে, তা ক্রমশ পুরনো হচ্ছে। এর আপ লাইনের অংশটি ১৯৬৫ সালে তৈরি হলেও ডাউনের অংশ তৈরি হয়েছে ১৯০৩ সালে। এর ফলে পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হয়েছে। একইসঙ্গে রেল কর্তৃপক্ষের তরফে এদিন জানানো হয়েছে, এটি আসানসোল এবং টাটানগরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। গুরুত্বপূর্ণ ডিএফসি করিডর ছাড়াও সিনি-পুরুলিয়া-আসানসোলের কোল করিডরের অংশও এটি।