সংবাদদাতা, শিলিগুড়ি: রেলপথের নিরাপত্তা বাড়াতে বড় উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এজন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (মউ) সই করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এই চুক্তিতে একটি নতুন আধুনিক প্রযুক্তি চালু করা হবে। এটি একটি ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ ব্যবস্থা, যা ট্রেনের ইঞ্জিন বা কোচে বড় পরিবর্তন ছাড়াই সহজে বসানো যাবে। ফলে সব ট্রেনে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে। নতুন এই সিস্টেমে জিপিএস ও উন্নত সেন্সর ব্যবহার করে রেললাইনের অবস্থা সারাক্ষণ নজরে রাখা যাবে। পাশাপাশি বিশেষ ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে লাইনের ত্রুটি বা সমস্যা সঙ্গে সঙ্গেই ধরা পড়বে। এর ফলে রেললাইনের সমস্যা আগেই চিহ্নিত করা যাবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।