সংবাদদাতা, শীতলকুচি: সাঁকো ভেঙে যাওয়ায় বিপত্তি। কলার ভেলায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের দেবনাথপাড়ার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ- সবাইকে এভাবেই প্রতিদিন নদী পার হতে হয়। সাঁকোটি ভেসে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাঁকো মেরামতের কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের যাতায়াতের কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে।
গত জানুয়ারি মাসে দেবনাথপাড়ায় গিরিধারী নদীর উপর সেতুটি একটি পাথর বোঝাই ডাম্পারের ভারে ভেঙে যায়। তারপর প্রশাসন সেতুর পাশেই অস্থায়ী সাঁকো নির্মাণ করে। স্থানীয়দের বক্তব্য, কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে নদীর জল বাড়ায় বৃহস্পতিবার রাতে সাঁকোর একাংশ ভেঙে যায়। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
মূলত শীতলকুচি-সিতাই রাজ্যসড়কের নতুনবাজার থেকে বারোমাসিয়া হয়ে সিতাই যাওয়ার পথে এই সেতুটি পড়ে। লালবাজার পঞ্চায়েত সহ সিতাই ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সাঁকো ভেঙে যাওয়ায় কলার ভেলায় নদী পারাপার করছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রুবেল মিঁয়া জানান, ঘুরপথে যেতে অনেকটা সময় প্রয়োজন। তাই ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সাঁকো সংস্কারের পাশাপশি নতুন সেতুর দাবি জানিয়েছেন তিনি। শীতলকুচি বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্মা জানান, বিষয়টি নজরে এসেছে। দ্রুত এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।