মানবাজার ও বান্দোয়ানে স্ট্রং রুমে পাহারায় সন্ধ্যারানি ও রাজীবলোচন
বর্তমান | ০৩ মে ২০২৬
সংবাদদাতা, মানবাজার: শুক্রবার এক ফেসবুক বার্তায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের স্ট্রং রুমে পাহারায় থাকার নির্দেশ দিয়েছিলেন। ওই বার্তার পরই তৎপরতা বেড়েছে পুরুলিয়ার মানবাজারে। নির্দেশ মেনে শুক্রবার রাত জুড়ে মানবাজার ও বান্দোয়ানের তৃণমূল প্রার্থীদের স্ট্রং রুমের সামনে সক্রিয়ভাবে পাহারায় থাকতে দেখা গিয়েছে।
মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব লোচন সরেনকে মানবাজারের মানভূম মহাবিদ্যালয়ের স্ট্রং রুমের বাইরে উপস্থিত থাকতে দেখা যায়। মানবাজার ও বান্দোয়ান বিধানসভায় ভোটগ্রহণের পর ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি মানভূম মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে সংরক্ষিত করা রয়েছে।
প্রার্থীরা জানান, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ভোটের স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতেই এই নজরদারি। তাঁদের সঙ্গে দলীয় কর্মীরাও রাতভর সেখানে অবস্থান করেন। গণনার দিন পর্যন্ত এই নজরদারি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
প্রথম দফায় মানবাজার মহকুমার এই দুই বিধানসভায় ভোট হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার ও বান্দোয়ানে নিজেদের জয়ের ব্যাপারে দু’টি প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি আত্মবিশ্বাসী। এই দুই বিধানসভায় রেকর্ড হারে ভোট পড়ে। ভোটের পর ইভিএম আনা হয় মানভুম মহাবিদ্যালয় স্ট্রং রুমে। তখন থেকেই সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের একাংশ নজরদারি চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত মানভূম মহাবিদ্যালয়ে মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু ও বান্দোয়ানের প্রার্থী রাজীব লোচন সরেনকে দেখা গিয়েছে। তাঁদের সঙ্গে ছিলেন অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন দুই প্রার্থী রাতে সিসিটিভি ফুটেজ সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন। রাজীব লোচন সরেন বলেন, দলের নির্দেশে আমরা রাত জেগে পাহারায় থেকেছি। অন্য দিকে সন্ধ্যারানি টুডুকে এদিন ফোনে পাওয়া যায়নি। তাঁর স্বামী জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা গুরুপদ টুডু বলেন, স্ট্রং রুমের ইভিএমে কোনোরকম যাতে কেউ অনিয়ম না করতে পারে সেজন্য আমরা দলনেত্রীর নির্দেশ মেনে পাহারায় থাকছি। প্রার্থীরাও থাকছেন স্ট্রংরুমের সামনে।