গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি
বর্তমান | ০৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সেদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কোথাও কোথাও জোরালো ঝড়বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই দিন উত্তরবঙ্গের মালদহ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার জন্যও থাকছে ‘কমলা সতর্কতা’। কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, মালদহ ও দক্ষিণ দিনাজপুর আছে। সার্বিকভাবে সোমবার ও মঙ্গলবার রাজ্যজুড়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হবে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও লাগোয়া বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত ও একটি নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্য গত কয়েকদিন ধরে রাজ্যে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি করেছে। শনিবারও সারাদিন কলকাতা ও লাগোয়া এলাকা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টি হয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান সহ কয়েকটি জেলায় সন্ধ্যা পর্যন্ত ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়। আজ রবিবারও ঝড় বৃষ্টি হতে পারে। আগামী বুধবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কোথাও ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়নি।
নিয়মিত ঝড়বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (৩২ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি কম ছিল। সর্বনিম্ন তাপমাত্রা (২২) স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম ছিল। আজ, রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২১ ডিগ্রির আশপাশে থাকবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি, সেই সঙ্গে জোরালো হাওয়া বয়েছে। তবে কালবৈশাখীর কোনো রিপোর্ট আবহাওয়া দপ্তর দেয়নি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহারের কয়েকটি জায়গায় শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০০ মিমি’র বেশি বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ির ঘিসে সর্বাধিক ১৬১ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়। দক্ষিণবঙ্গে জঙ্গিপুরে সবচেয়ে বেশি ৪৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।