সংবাদদাতা, তারকেশ্বর: ভোটের কাজে আসা আধা সেনার এক জওয়ান সপ্তম শ্রেণির এক ছাত্রীর হাত ধরে টানাটানি করেছেন। এই অভিযোগে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে হরিপালের বন্দিপুর এলাকা। অভিযুক্তের শাস্তির দাবিতে এদিন রাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবী মান্নার নেতৃত্বে হরিপাল থানার সামনে বিক্ষোভ হয়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হরিপালের বন্দিপুর এলাকায় প্রাইভেট পড়ে সাইকেল করে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণির ওই ছাত্রী। তখন তার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন জওয়ান কে সুধীর কুমার। সাইকেল ফেলে ওই ছাত্রী দৌড় দেয়। পরে গ্রামবাসীরা ওই জওয়ানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। উত্তেজিত জনতার হাত থেকে জওয়ানকে উদ্ধার করে হরিপাল থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার প্রতিবাদে থানার গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।