• গণনা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে
    বর্তমান | ০৩ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবারের ব্যালট কাণ্ডের পর থেকেই সকলের নজরে রয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এখানেই রাখা কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন। শনিবার সকালেও বিতর্ক পিছু ছাড়ল না ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের। এদিন সকালে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে এই কেন্দ্রে ঢুকতে বাঁধা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। 

    বৃহস্পতিবার গভীর রাত থেকেই বাড়তি নিরাপত্তা চোখে পড়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঢোকার রাস্তা ঘিরে দেওয়া হয়েছে আট ফুট লম্বা সিকিউরিটি ব্যারিকেড দিয়ে। মাঝে একটি ছোট্ট গেট রাখা হয়েছে। যার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে নির্দিষ্ট সকলকে। এই সিকিউরিটি ব্যারিকেডের বাইরেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তারাই কমিশনের দেওয়া পরিচয় পত্র বা আইডেন্টিটি কার্ড দেখে কেন্দ্রের ভেতরে যেতে দিচ্ছেন। এদিন সকালে সাড়ে ১০টা নাগাদ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সামনে গিয়ে পৌঁছন শশী। তিনি পরিচয় পত্র দেখালেও তাঁকে না ঢুকতে দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। তিনি প্রার্থীর পরিচয় পত্র দেখানো সত্ত্বেও তাঁকে বাধা দেওয়া হয়। শেষে এক পুলিশ আধিকারিক হস্তক্ষেপ করেন। তার পরে কেন্দ্রে ঢুকতে পারেন শশী পাঁজা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেই তিনি বলেন, আগে পরিচয় পত্র দেখুন, তার পরে আটকানোর সিদ্ধান্ত নিন। 

    নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে এলাকায় সাঁজোয়া গাড়ির মোতায়েন করা হয়েছে। যা দেখে, সমরেশ দাস নামের এক পথ চলতি মানুষের উক্তি, ‘এখানে ভোট গণনা হবে, নাকি যুদ্ধ হবে? আমার ৬৫ বছর বয়স। আজ পর্যন্ত ভোট গণনার জন্য এতো সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, সাঁজোয়া গাড়ি, কোনোদিন দেখিনি।’ উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোরদার করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)