কলকাতার ইতিহাস, কবিতার বই অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে
বর্তমান | ০৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোব চার্নকের হাতেই কলকাতার গোড়াপত্তন। এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিলোত্তমার ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরা হচ্ছে ইংরেজি কবিতার মাধ্যমে। অন্য মহাদেশে, আরেক ট্রামনগরী মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে কাল, সোমবার প্রকাশিত হবে সেই বই। ‘নোটস অন দ্য রক অব জোব চার্নক’ নামে এই বইটি লিখেছেন ঝাড়গ্রাম তথা কলকাতার কবি ও গবেষক জয়দীপ ষড়ঙ্গী। একই সঙ্গে তিনি নিউ আলিপুর কলেজের অধ্যক্ষও বটে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতা যে জোব চার্নকের চেয়েও প্রাচীন, সেই ঐতিহাসিক তথ্যও কবিতাগুলির অংশ। জেমস লং সরণি, প্রিন্স আনোয়ার শাহ রোডের ইতিহাসও উঠে এসেছে কবিতায়।’ ওই দিন তিনি আরএমআইটি এশিয়া হাবে নিজের কবিতা পাঠ করবেন।