কমেছে গঙ্গার জলস্তর, সমস্যায় দমদমের ৩ পুর এলাকার মানুষ
বর্তমান | ০৩ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: গরমে কমেছে গঙ্গার জলস্তর। এই কারণে সমস্যার মুখে পড়েছে জলপ্রকল্প। কম পরিমাণ জল আসছে দমদমের তিনটি পুর এলাকায়। শুরু হয়েছে পানীয় জলের সমস্যা। সমাধানের মরিয়া প্রয়াস চালাচ্ছে কেএমডিএ ও পুরসভা কর্তৃপক্ষ। ডিপ টিউবওয়েলের মাধ্যমে জল তোলার পরিমাণ বাড়িয়েছে তারা। সংকট এড়াতে একযোগে চেষ্টা চালাচ্ছে কেএমডিএ এবং পুরসভা।
কেএমডি’য়ের ট্রান্স মিউনিসিপ্যাল ওয়াটার প্রজেক্ট থেকে দমদম, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভার বিস্তীর্ণ অংশে জল পৌঁছয়। গঙ্গার জলস্তর কমে যাওয়ায় প্রকল্পে আসছে কম পরিমাণ জল। ফি বছরই গরমের সময় এই সঙ্কট বাড়ে। ২০১৭ সালে জলপ্রকল্প থেকে প্রতিদিন প্রায় ১০ এমজিডি জল সরবরাহ হয়েছিল দক্ষিণ দমদম পুর এলাকায়। তা এখন কমে আট এমজিডিতে নেমেছে। এছাড়া অন্য পুরসভাগুলিরও এক চিত্র। বর্তমানে তিনটি পুরসভা নিজস্ব ডিপ টিউবওয়েল সহ অন্যান্য সোর্স চালু করে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে তাতে সম্পূর্ণ সমাধান হচ্ছে না। পুরসভার ট্যাপ থেকে কোথাও সরু সুতোর মতো জল পড়ছে। বহুতল আবাসনে জল ঠিকমতো পৌঁছচ্ছে না। নির্দিষ্ট সময়ের আগেই বহু জায়গায় জল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং বলেন, ‘পুরসভার ডিপ টিউবওয়েল থেকে জল তুলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিছু এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানো হয়েছে। বড়ো কোনো সমস্যা নেই।’ উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‘আমরা নিজেদের ডিপ টিউবওয়েল দিয়ে সমস্যার সমাধান করছি। আমাদের বড়ো জল প্রকল্পের কাজ শেষের পথে। ওই কাজ সম্পূর্ণ হলে স্থায়ী সমাধান হবে। আশা করছি মাস দু’য়েকের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে।’