নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৮৮৩ খ্রিস্টাব্দের ২ মে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয় উত্তর কলকাতার ফড়িয়াপুকুরে কাশীশ্বর মিত্রের বাড়িতে। স্মরণীয় এই দিনটির কথা মাথায় রেখে শনিবার শ্যামবাজারের কাছে ওই বাটিতে শ্রীশ্রীরামকৃষ্ণ ভক্ত পরিষদের উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের তরফে যামিনীরঞ্জন ঘোষ জানান, ‘এদিন অনুষ্ঠানের তালিকায় ছিল‑ ঠাকুর‑মা‑স্বামীজির বিশেষ পুজো, পাঠ, হোম, ভোগ নিবেদন, কথামৃত আলোচনা, শ্যামা সংগীত, ভক্তিগীতি, রবীন্দ্রসঙ্গীত, গীতি আলেখ্য, গীতিকথা, শ্রুতিনাটক প্রভৃতি।‘ উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ দিনটির তাৎপর্য ব্যাখা করেন। যামিনীবাবু জানান, ‘২০তম ওই ব্রাহ্ম উৎসবে কাশীশ্বর মিত্রের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর অংশ নিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করেন এবং তাঁকে পিয়ানো বাজিয়ে গান শুনিয়ে ছিলেন।’ এদিন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষজন এসে ছিলেন বহু ইতিহাসের সাক্ষী এই বাড়ি দর্শন করতে।