৯ বছরের এক শিশুকে গুলি করে খুনের অভিযোগ উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ইয়াকুতগঞ্জ গ্রামে। মৃতের নাম যশপাল ওরফে যশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা শিশুটিকে উদ্ধার করে আলিগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার যশের মৃত্যু হয়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে যশের বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। সেখানে অতিথি হিসেবে এসেছিলেন অভিযুক্ত ধনেশ যাদব। মদ্যপান করার সময়ে ধনেশ জল এনে দিতে বলে যশকে। কিন্তু যশ জল দিতে অস্বীকার করলে মদ্যপ ধনেশ মেজাজ হারিয়ে ফেলে। এর পরেই সে নিজের কাছে থাকা বন্দুক বের করে যশের পেটে গুলি চালায় বলে অভিযোগ।
গুলির শব্দে ছুটে আসেন যশের পরিবারের সস্যরা। তাঁরা রক্তাক্ত যশকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে যশের অবস্থার অবনতি হওয়ায় আলিগড় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার পরে শনিবার সকালে মৃত্যু হয় যশের। পরে খবর দেওয়া হয় পুলিশে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পরে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ এলাকার খিতৌলি খালের ব্রিজের কাছ থেকে ধনেশকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ কুমার ভারতী জানিয়েছেন, অভিযুক্তকে জেলে পাঠানো হচ্ছে। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ধৃতের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র বেআইনি কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।