• হরিপালে ছাত্রীর হাত ধরে টানার চেষ্টা, অভিযুক্ত জওয়ান
    এই সময় | ০৩ মে ২০২৬
  • এই সময়, হরিপাল: টিউশন পড়ে বাড়ি ফেরার পথে নাবালিকা এক ছাত্রীকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তাল হলো গোটা এলাকা। শুক্রবার ঘটনাকে ঘিরে হরিপাল থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। নেতৃত্বে ছিলেন হরিপালের তৃণমূল প্রার্থী করবী মান্না।

    স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হরিপালের বন্দিপুর এলাকায় প্রাইভেট টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস সেভেনের এক ছাত্রী। অভিযোগ, তাকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভোটের ডিউটিতে আসা এক কেন্দ্রীয় জওয়ান। আতঙ্কে সাইকেল ফেলে ওই ছাত্রী দৌড় দেয়। গ্রামের মানুষ জওয়ানকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

    হরিপাল থানায় জওয়ানকে রাখা হয়। ঘটনার প্রতিবাদে থানার গেটের সামনে বসে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এ বিষয়ে সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্না অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ভোটের ডিউটি করতে এসে ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। নাবালিকা মেয়েটি ও তার সহপাঠী বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। গ্রামবাসীরা ছুটে এসে কেন্দ্রীয় জওয়ানকে পাকড়াও করেছেন।

    বেচারামের অভিযোগ, ‘অভিযুক্ত বিএসএফ জওয়ান মদ্যপ অবস্থায় ছিল। আমরা ওই জওয়ানের কাস্টবি ট্রায়ালের দাবি জানাচ্ছি।’ বিজেপির রাজ্য নেতা স্বপন পাল বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে বলব।’ সিঙ্গুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ জানিয়েছেন, একটা ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ হওয়ার পরে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হবে। বিএসএফ–এর পোশাকে আছে অভিযুক্ত। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)