• বৈধ পাস থাকা সত্ত্বেও স্ট্রং-রুমে প্রবেশে কেন বাধা, নালিশ সোদপুরের বিজেপি প্রার্থীর
    এই সময় | ০৩ মে ২০২৬
  • এই সময়, সোদপুর: সোদপুর গুরুনানক ডেন্টাল কলেজে ছ’টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে আগামী সোমবার। সেখানেই সমস্ত ইভিএম রাখা রয়েছে। সুরক্ষায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের কর্মীরাও স্ট্রংরুম পাহারা দিচ্ছেন। এই নিরাপত্তার কড়াকড়িতে গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে বাধা পেলেন দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সির নির্বাচনী এজেন্ট।

    বিজেপি প্রার্থীর দাবি, বৈধ পাস থাকা সত্ত্বেও তাঁর এজেন্টকে গণনা কেন্দ্রের ভিতর ঢুকতে দেয়নি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে শুক্রবার রাতে প্রবল উত্তেজনা ছড়ায় গুরুনানক ডেন্টাল কলেজ চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে হস্তক্ষেপ করতে হয়। খবর পেয়েই ওই রাতেই গণনাকেন্দ্রে ছুটে যান দমদমের বিজেপি। তাঁর দাবি, স্ট্রংরুমের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য দুটি শিফটে তাঁদের দু’জন করে কন্ট্রোল রুমে ঢোকার অনুমতি রয়েছে। তা সত্ত্বেও তাঁর এক এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও ২০-২৫ জন তৃণমূল কর্মী সেখানে রয়েছেন।

    এ বিষয়ে পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমি খবর পাচ্ছি, গত দু’দিন ধরে রাত ১২টা’র আশেপাশে দমদমের বিজেপি প্রার্থী দলবল নিয়ে এসে একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। সারাদিনে যাঁর স্ট্রংরুমের কথা মনে পড়ে না, শুধুমাত্র রাতে মনে পড়ে, তা হলে বুঝে নিতে হবে, কোনও অসৎ উদ্দেশ্য নিয়েই উনি এ সব অবাঞ্ছিত অভিযোগ করছেন। রোজ একই ঘটনা ঘটাচ্ছেন এবং এরজন্য এলাকার মানুষও ওঁদের উপরে বিরক্ত।’

    শনিবার ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে স্ট্রংরুম পরিদর্শনে আসেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম ও ক্যানিং পশ্চিমের প্রার্থী পরেশরাম দাস। পরেশরাম দাস বলেন, ‘বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করে সব কিছুই করতে পারে। আমাদের দলনেত্রী নিজের বিধানসভা কেন্দ্রের স্ট্রংরুম পরিদর্শন করেছেন। আমরাও তাঁর নির্দেশ মাফিক আমাদের এখানকার স্ট্রংরুম পরিদর্শন করেছি।’

  • Link to this news (এই সময়)