• ভোট মিটতেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ চালাল রেল, ঘরছাড়া অনেকে
    এই সময় | ০৩ মে ২০২৬
  • গত বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটেছে। তার পরেই শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ার রেলপাড় এলাকায় উচ্ছেদ অভিযান চালাল রেল। অভিযোগ, বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে বহু মানুষের ঘরবাড়ি। তার জেরে গৃহহীন অনেকে।

    স্থানীয় সূত্রে খবর, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিস ধরানো হয়েছিল। কিন্তু সেই সময়ে কোনও উচ্ছেদ অভিযান হয়নি। কিন্তু ভোটগ্রহণ মিটতেই আবার নতুন করে নোটিস ধরানো হয় রেলপাড়ের বাসিন্দাদের। এক দিনের সময় দিয়ে বলা হয়, বস্তি এলাকা খালি করে দিতে হবে। নোটিস পাওয়ার পর অনেকেই দোকান-ঘরবাড়ি খালি করে দেন। কিন্তু বহু মানুষই এত কম সময়ের মধ্যে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করে উঠতে পারেননি। অভিযোগ, তা সত্ত্বেও কোনও বাড়তি সময় না দিয়েই রাতের অন্ধকারে এই অভিযান চালাল হলো। এ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন ঘড়ছাড়া বহু মানুষ।

    স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি, কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। এখন ভোট শেষ। তাই তড়িঘড়ি উচ্ছেদ করা হচ্ছে।’ আর এক বাসিন্দার কথায়, ‘আরও কয়েক দিন সময় দিলে বিকল্প ব্যবস্থা করা যেত।’ এ নিয়ে অবশ্য রেলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

    এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

  • Link to this news (এই সময়)