কাজ শেষের আগেই অকালমৃত্যু, এবার রাহুলের কণ্ঠ দিতে পারে এআই না পরিবারের কেউ?
আজকাল | ০৩ মে ২০২৬
অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে মুক্তি পেতে চলেছে 'এরাও মানুষ' ছবিটি। মাঝে এই ছবি নিয়ে নির্মাতাদের সঙ্গে জিতু কামালের কিছু সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেসব অতীত। সমস্যা মিটিয়ে, ডাবিং শেষের পথে এই ছবি। 'এরাও মানুষ' ছবিতে কাজ করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর শেষ কাজ। শুটিং শেষ হলেও ডাবিং করে যেতে পারেননি। তাহলে কে করবে তাঁর হয়ে ডাবিং? খোঁজ দিলেন 'এরাও মানুষ' ছবির নির্মাতারা।
এদিন সাই প্রকাশ লাহিড়ি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, "প্রিয়াঙ্কাদির সঙ্গে কথা হয়েছে। উনি একজনকে সাজেস্ট করেছেন। ওঁদের পরিবারের কেউ। উনি ডাবিং করে দিলে, ওই ভয়েস স্যাম্পেলটা আমরা চেন্নাইয়ের এআই স্টুডিওতে পাঠাব। রাহুলদার কণ্ঠস্বরের সঙ্গে যতটা সম্ভব ম্যাচ করে করা যায় সেটাই চেষ্টা করব। এটা ওঁকে উৎসর্গ করা হবে।" ছবির কাজ কতদূর? সেটা জানিয়ে পরিচালক, প্রযোজক বলেন, "ডাবিং প্রায় ৮০ শতাংশ হয়ে গিয়েছে। শ্রাবন্তীদির খালি বাকি ছিল। এরপর টুকটাক প্যাচড আপ হতে পারে। এই ছবিটি এমন মানুষদের নিয়ে যাঁদের নিয়ে সচরাচর আমরা ভাবি না। বুঝতে পারি তাঁরা আছেন, কিন্তু তাঁদের কথা কখনও শোনা হয় না। এই গল্পের মধ্যে দিয়ে তাঁদের অনুভূতি, তাঁদের কষ্ট, তাঁদের মধ্যেও যে একটা মনুষ্যত্ব আছে সেটা তুলে ধরার চেষ্টা করব।"
'এরাও মানুষ' ছবিটির ডাবিং শেষ করে বেরিয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্মৃতি হাতড়ে বলেন, "রাহুলদার শেষ ছবি 'এরাও মানুষ'। আমার মনে হয় না রাহুলদাকে এর আগে এমন কোনও চরিত্রে দেখা গিয়েছে বলে। রাহুলদাকে অন্য রকম ভাবেই পাবে সবাই। সেগুলোই মনে পড়ছে। আউটডোরে আমরা অনেকদিন শুটিং করেছি। আর হয় না, আউটডোরে শুটিং করলে একটা ছোট পরিবার মতো হয়ে যায় টিমের সকলে। মনে হচ্ছে রাহুলদা আমাদের মধ্যেই আছে। আমি এখনও বিশ্বাস করতে পারি না। মাঝে মধ্যে মনে হয় উনি বেঁচে আছেন এখনও। এগুলোই স্মৃতি। উনি অমর হয়ে থাকবেন ছবির মাধ্যমে। এই ছবিটা ওঁর সঙ্গে শেষ কাজ, আফসোস একটাই হিরো, হিরোইন হওয়া হল না।"