শুরুতেই ছন্দপতন, হার দিয়ে AFC এশিয়ান কাপে যাত্রা শুরু ভারতের
এই সময় | ০৩ মে ২০২৬
সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলিরা পারেননি। কিন্তু অনূর্ধ্ব-১৭ AFC এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নজর কেড়েছিল ভারতের মহিলা ফুটবল দল। শনিবার নজর ছিল তাঁদের দিকে। কিন্তু শুরুতেই ছন্দপতন। হার দিয়ে AFC এশিয়ান কাপে যাত্রা শুরু করল ‘ব্লু টাইগ্রেস’রা। গ্রুপ ‘B’-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল ভারতের মহিলা ফুটবল দল। জাপান ও লেবাননের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যে আরও কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে সেটা স্পষ্ট হয়ে গেল প্রথম ম্যাচেই।
শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় অস্ট্রেলিয়া। দীর্ঘ সময় ভারতকে নিজেদের অর্ধে আটকে রাখে তারা। বলের দখল রাখা বা আক্রমণ গড়া— সবেতেই ব্যাকফুটে ছিল ভারত। ২৫ মিনিটে ম্যাচ লিড নেয় অজ়িরা। স্কোরশিটে নাম তোলেন থিওডোরা মুইথিস। দ্বিতীয়ার্ধেও ছবিটা পাল্টায়নি। ডিফেন্সের ভুলে আত্মঘাতী গোল করে বসেন আভিস্তা বসনেট। ভারতের ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায় এখানেই।
অবশ্য শারীরিক শক্তি ও বলের নিয়ন্ত্রণের দিক থেকে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে ছিল। তবে ভারতীয় কোচ পামেলা কন্তির স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠছে। অ্যাটাক ও ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের সংযোগের অভাব ছিল স্পষ্ট। শুধু তাই নয় প্রেসিং বা পরিকল্পিত কাউন্টার অ্যাটাকও করতে পারেনি ভারতের মেয়েরা।
কী ভাবে নক আউটে যেতে পারবে ভারত?
তবে হার সত্ত্বেও ভারতের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা এখনও বেঁচে আছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ গোলে হারাটাই ইতিবাচক দিক। সে ক্ষেত্রে সেরা তৃতীয় স্থানাধিকারী হিসেবে যোগ্যতা অর্জনের সুযোগ থাকবে ভারতের কাছে। পাশাপাশি নজর রাখতে হবে ভিয়েতনাম, থাইল্যান্ড, চাইনিজ় তাইপেই ও ফিলিপিন্সের মতো দলগুলির ম্যাচের ফলাফলের উপরে।
তবে গ্রুপের বাকি দুই ম্যাচের মধ্যে ৫ মে জাপানের বিরুদ্ধে ম্যাচে বড় ব্যবধানে হার এড়ানোই লক্ষ্য হবে ভারতের। ৮ মে লেবাননের বিরুদ্ধে ম্যাচ কার্যত ‘ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল’। এই ম্যাচে জয় পেলেই শেষ আটে ওঠার লড়াইয়ে টিকে থাকবে ভারত।