এই সময়, তমলুক: কোন এজেন্ট কোথায় থাকবেন, কী ভাবে গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন, কোনও অনিয়ম নজরে এলে কী ভাবে তার মোকাবিলা করবেন—সমস্ত বিষয়ে আলোচনার জন্য মেচেদায় একটি বেসরকারি গেস্ট হাউসে শনিবার নির্বাচনী কর্মশালা করল বিজেপি। আগামীকাল ভোটের ফল ঘোষণা। মূলত গণনার দিন সামনে রেখে তার প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং কর্মীদের প্রশিক্ষণে এ দিন এই বৈঠক হয়।
এদিন কর্মশালায় নাম না করে তৃণমূল নেত্রীকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এখানেও একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। তিনি পরাজয় মানবেন না। দরকার হলে বোমা মেরে উড়িয়ে দেবেন। গন্ডগোল করে কাউন্টিং বন্ধ করে দেবেন।’ দিলীপ বলেন, ‘গতবার আমরা অনেক ক্ষেত্রে কাউন্টিং এজেন্ট, পোলিং এজেন্ট এবং অন্য দায়িত্বপ্রাপ্তদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে পারিনি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাতে কোথাও ভুল-ত্রুটি না হয়। মানুষের ভোট যাতে ঠিকভাবে প্রতিফলিত হয়, সেই লক্ষ্যেই এই কর্মশালা।’
দিলীপের মন্তব্য নিয়ে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় বলেন, ‘বোমা-বন্দুকের রাজনীতি তৃণমূল করে না। দিলীপ ঘোষ হারের ভয়ে ভুল বকা শুরু করেছেন। তৃণমূল জিতবে এবং শান্তি-শৃঙ্খলা যাতে বজায় থাকে নন্দীগ্রামে ইতিমধ্যে নেতা-কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। যদি তৃণমূল কর্মীদের কেউ বিজেপি কর্মী এবং তাঁদের দোকান, বাড়ির উপরে আক্রমণ করেন। তা হলে তাঁদের দল থেকে সরিয়ে দেওয়া হবে।’
এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, অমিত মালব্য এবং জে পি রাঠোর, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিব্যেন্দু অধিকারী। প্রায় ৩৫টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, কাউন্টিং এজেন্ট এবং দলীয় কর্মীরা অংশগ্রহণ করেন কর্মশালায়।