• বসে গেল রোহিণী রোডের একাংশ, মনে করাচ্ছে অক্টোবরের স্মৃতি
    এই সময় | ০৩ মে ২০২৬
  • বসে গেল রোহিণীর রাস্তা। কার্শিয়াংয়ের কাছে গত বছর যেখানে ধস নেমেছিল, রবিবার সেই এলাকা লাগোয়া অংশে পিচের রাস্তা বসে গিয়েছে। গাড়ি চলাচল করছে বটে, তবে উদ্বেগ এখনই কাটছে না। কারণ, এখন বৃষ্টির মরশুম। লাগাতার বৃষ্টি হচ্ছে পাহাড়ে।

    আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে হাওয়া অফিস। ফলে লাগাতার বৃষ্টি হলে বসে যাওয়া অংশে বিপদ বাড়তে পারে। উদ্বিগ্ন পর্যটনমহল। ভোটের গণনাপর্ব শেষ হলেই ফের পর্যটকের ঢল নামবে পাহাড়ে। দ্রুত রাস্তা মেরামতের দাবি তুলেছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা।

    সিকিম ও দার্জিলিংয়ের দিকে যাওয়ার জন্য রোহিণী রোড এই মুহূর্তে পর্যটকদের প্রথম পছন্দ। পাকদণ্ডী হলেও, এই পথ ধরে পাহাড়ে ওঠা তুলনামূলক সহজ। সঙ্গে পথের দু’ধার মনোরমও। পাইনের জঙ্গল থেকে চা বাগানের সৌন্দর্য, সবই মেলে এই মসৃণ পথে।

    ভারী বৃষ্টির জেরে ২০২৫ সালের ৪ অক্টোবর রাতে ভয়াবহ ধস নামে রোহিণী রোডে। শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের সংযোগকারী রাস্তার প্রায় ৫০ মিটার অংশ ধসে যায়। রোহিণী রোড বন্ধ থাকায় শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে চালকদের দীর্ঘপথ ঘুরে ১১০ নম্বর জাতীয় সড়ক অথবা হিলকার্ট রোড ব্যবহার করতে হয়েছে। প্রায় ৬ মাস বন্ধ থাকার পরে তা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। এ দিন ফের সেই রাস্তা বসে যাওয়ায় চিন্তার ভাঁজ প্রশাসন থেকে পর্যটনমহলে।

  • Link to this news (এই সময়)