২৪ ঘণ্টাও কাটেনি। ফের কালীঘাট থানার অফিসার ইনচার্জ (OC) বদল। ভোটের বাংলায় চার বার বদল করা হলো কালীঘাট থানার ওসি। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। সেই পদে আনা হয় চামেলি মুখোপাধ্যায়কে। রবিবার নতুন অর্ডার জারি করে লালবাজার জানিয়ে দিল, উল্টোডাঙার মহিলা থানার ওসির দায়িত্বেই থাকবেন চামেলি। বলাই বাগ কালীঘাট থানার নতুন ওসি। পোলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন তিনি।
কালীঘাট থানার ওসি নিয়ে ভোটের আগে থেকেই টানাপড়েন চলছে। দফায় দফায় ওসি বদল হয়েই চলেছে। দ্বিতীয় দফার ভোটের আগেই ভবানীপুর বিধানসভার অন্তর্গত কালীঘাট ও আলিপুর থানার ওসি-সহ একাধিক পদে রদবদল করা হয়। সরানো হয় কালীঘাটের তৎকালীন ওসি উৎপলকুমার ঘোষকে।
সেই পদে আসেন গৌতম দাস। তবে চেয়ারে বসেই উর্দি পরে হাতে ইনসাস রাইফেল নিয়ে ছবি তুলে বিতর্কে জড়ান গৌতম। যা নিয়ে নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের নগরপালের দ্বারস্থ হয় তৃণমূল। যদিও সেই ছবির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তবে গণনার দু’দিন আগে শনিবারই গৌতমকে ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাসপেন্ড করা হয় তাঁকে। গৌতম দাসের জায়গায় আসেন চামেলি মুখোপাধ্যায়। উল্টোডাঙা মহিলা থানার ওসি পদে ছিলেন তিনি।
সেই বদলের পরে ২৪ ঘণ্টাও কাটল না। আরও একবার কালীঘাট থানার ওসি বদল। গণনার ঠিক আগের দিনই বলাই বাগকে কালীঘাট থানার ওসি করা হয়। এই নিয়ে ভোটের আবহে চার বার ওসি বদল হলো কালীঘাট থানার।