মালদার মোথাবাড়ি কাণ্ডে বেশ কয়েক জন তৃণমূল নেতাকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তলব করা হয়েছে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকেও।
এসআইআর-এর বিচারাধীন তালিকার নিষ্পত্তির দায়িত্বে থাকা বিচারকদের হেনস্থার যে অভিযোগ উঠেছিল গত মাসে, তার তদন্ত করছে এনআইএ। সেই সূত্রেই তলব করা হয়েছিল তৃণমূল নেতাদের। ভোটগণনার আগের দিন এই ভাবে তলবে প্রত্যাশিত ভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে কারণ, তলব করা হয় সাবিনার নির্বাচনী এজেন্টকেও। সোমবারের ভোটগণনার কাজে তাঁর যুক্ত থাকার কথা। বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মত স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও বিজেপি দাবি, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। আইন আইনের পথে চলছে।
ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল জেলা পরিষদের বন ও ভূমি দপ্তরের কর্মাধক্ষ্যও। এ ছাড়া তলব করা হয় কালিয়াচলক-১ ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকেও। সূত্রের খবর, রবিবার দুপুর ১২টার মধ্যে কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল তাঁদের। যদিও তাঁরা হাজিরা দিয়েছেন কি না, তা স্পষ্ট নয়।
বিচারাধীন তালিকার নিষ্পত্তির কাজে যুক্ত থাকা সাত বিচারককে ঘেরাও করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল গত মাসে। অভিযোগ ছিল, গভীর রাত পর্যন্ত তাঁদের কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে আটকে রাখা হয়। সেই ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলা সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। শীর্ষ আদালতের নির্দেশেই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন।